মেহেরপুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম বাবলুকে (৩৫) শনিবার রাতে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বাবলু উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি টুঙ্গী গোপালপুর গ্রামে।
পুলিশ ও নিহতের পরিবার দাবি করেছে, রাতে সাড়ে ১২টার দিকে চরমপন্থীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে দেড় কিলোমিটার দূরে টুপলার বিলের রাস্তার ওপর নিয়ে জবাই করে ফেলে রেখে যায়।
এ সময় দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি ও দুটি বোমার বিস্ফোরণ ঘটায়।
মুজিবনগর থানার ওসি জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, রোববার সকালে বাবলুর খণ্ডিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয় লাশ।
ওসি জানান, খুনের কারণ ও খুনীদের চিহ্নিত করতে পুলিশ তদন্তে নেমেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবুল কালাম মোল্লা ও হ্যাবা ফকির নামে দুজনকে আটক করা হয়েছে।
নিহতের ভাই আহসান হাবীব বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
টুপলার বিলের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে কোনো প্রভাবশালী মহল চরমপন্থীদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩২ ঘ.
bdnews24