২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণের দাবিতে বড়পুকুরিয়ায় মানববন্ধন

ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ক্ষতিগ্রস্তরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 11:00 AM

Updated : 24 Aug 2022, 06:13 PM

দিনাজপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ক্ষতিগ্রস্তরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। জীবন ও সম্পদ রক্ষা কমিটি নামে একটি সংগঠনের ব্যানারে খনি এলাকার ক্ষতিগ্রস্ত ১০টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ রোববার সকালে এই কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে আগামী ৩১ জানুয়ারির মধ্যে কমিটির সঙ্গে করার চুক্তি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়পুকুরিয়া এলাকার কালুপাড়া সড়কের দু'পাশে ব্যানার নিয়ে কর্মসূচিতে যোগ দেন নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর বড়পুকুরিয়া বাজারে রক্ষা কমিটি সংবাদ সম্মেলন করে। এতে কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিল আগামী ৩১ জানুয়ারি মধ্যে রক্ষা কমিটির সঙ্গে করা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন করতে দেওয়া হবে না। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ যে কোন পরিস্থিতির জন্য খনি কর্তৃপক্ষকে দায়-দায়িত্ব নিতে হবে বলে তিনি হুমকি দেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, তিন বছর ধরে খনি এলাকায় জলাবদ্ধতার কারণে ফসলী জমি অনাবাদী পড়ে আছে। ১০টি গ্রামের ঘর-বাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনায় ফাটল ধরেছে। কয়লা উত্তোলনের ফলে মাটি দেবে যাওয়ায় এলাকার একমাত্র কবরস্থানটিও পানিতে তলিয়ে গেছে। রক্ষা কমিটির নেতারা বলেন, বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। সর্বশেষ গত বছর ১৫ মে পেট্রো বাংলার পরিচালকের নেতৃত্বে কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হয়। চুক্তিতে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, 'মাইনিং সিটি স্থাপন' এবং যোগ্যতা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়ার প্রতিশ্র"তি দেওয়া হয়। বলা হয়েছিল, ৩১ ডিসেম্বরের মধ্যে চুক্তিটি বাস্তবায়ন করা হবে। কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক বেলাল আহমেদ, সদস্য আবুল কালাম আজাদ, উপদেষ্টা সুলতান মাহমুদ মুকুল। এ ব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক। জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের 'মাইনিং সিটিতে' পুনর্বাসনে ৩২৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের জন্য জরিপ কাজও প্রায় শেষ। অন্য সব কাজ শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদনের পরই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হবে। তবে কবে নাগাদ প্রকল্প অনুমোদন পাবে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫০ ঘ.