২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে টাকা না দেওয়ায় ৭৭% যৌনকর্মীকে গ্রেপ্তার হতে হয়: জরিপ

পুলিশকে টাকা না দেওয়ার কারণে দেশে শতকরা ৭৭ দশমিক ৩৬ ভাগ যৌনকর্মীকে গ্রেপ্তার হতে হয়। এছাড়াও শতকরা ৫৯ দশমিক ৪৩ ভাগ ক্ষেত্রে যৌনকর্মী গ্রেপ্তার হলেও তাদের খদ্দেরদের গ্রেপ্তার করা হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 05:58 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশকে টাকা না দেওয়ার কারণে দেশে শতকরা ৭৭ দশমিক ৩৬ ভাগ যৌনকর্মীকে গ্রেপ্তার হতে হয়। এছাড়াও শতকরা ৫৯ দশমিক ৪৩ ভাগ ক্ষেত্রে যৌনকর্মী গ্রেপ্তার হলেও তাদের খদ্দেরদের গ্রেপ্তার করা হয় না। বুধবার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত 'যৌনকর্মীদের আইনী অধিকার চর্চা সংক্রান্ত পরিস্থিতি বিশ্লেষণ এর খসড়া প্রতিবেদন উপস্থাপন' শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। আইন ও সালিশ কেন্দ্র এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট সার্ভিসেস(সিডিএস) যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে। বাংলাদেশে ছয়টি কর্ম এলাকায় এ জরিপ চালানো হয়। এ এলাকাগুলো হলো যশোর, চট্টগ্রাম, রাজশাহী, নাটোর, ঈশ্বরদী, কক্সবাজার। জরিপের খসড়া প্রতিবেদনে বলা হয়, শতকরা ৫৩ ভাগ পুলিশ যৌনকর্মে লিপ্ত হলেও পারিশ্রমিকের টাকা দেয় না। এছাড়া শতকরা ৭৪ দশমিক ৭৫ ভাগ যৌনকর্মী নির্যাতনের শিকার হলেও পুলিশের কাছ থেকে সাহায্য পায়নি। এতে আরও বলা হয়, 'পুলিশের এস আই পর্যায়ের কর্মকর্তারা জানান অনেক ক্ষেত্রে ওপরের মহলের চাপে যৌনকর্মীকে গ্রেপ্তার করা হয়'। যৌনকর্মীদের এফিডেভিট ব্যবস্থার পরিবর্তে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা চালু এবং অসামাজিক কর্মকান্ড কমাতে পতিতালয় চালুর সুপারিশ করা হয় খসড়া প্রতিবেদনে। এছাড়াও পুলিশের সচেতনতা বাড়াতে আইনের প্রায়োগিক দিক সম্পর্কে পুলিশ সদস্য ও 'সংক্ষিপ্ত বিচার পদ্ধতি' নিয়ে ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনার সুপারিশ করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন ড. হামিদা হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এডভোকেট সুলতানা কামাল, সেন্টার ফর ডেভেলপমেন্ট সার্ভিসেসের পরিচালক খন্দকার হুমায়ুন কবীর। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক এন বি কে ত্রিপুরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএইচ/২৩৪৮ ঘ.