ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ২৪টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে এক নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ নৈশভোজের আয়োজন করেন। এছাড়াও শেখ হাসিনা জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে অংশ নেন।
নিউ ইর্য়ক থেকে নিউজ ওয়ার্ল্ডে সম্পাদক আবু তাহের বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সময় বিকেলের দিকে জাতিসংঘ ৬৪তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে যোগ দেন।
এ ছাড়া রাতে তিনি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে মাত্র ২৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্র্রধানের নৈশভোজ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় (নিউ ইয়র্ক সময় সকাল ৯টা) নিউ ইয়র্ক পৌঁছান।
দুবাইতে যাত্রাবিরতিসহ দীর্ঘ ২১ ঘণ্টার ভ্রমণ শেষে শেখ হাসিনা নিউ ইয়র্ক পৌঁছান।
প্রধানমন্ত্রী ম্যানহাটনের হোটেল গ্রান্ড হায়াতে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যান।
এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে প্রধানমন্ত্রী এমিরেটস্ এয়ারলাইন্সের একটি নিয়মিত বিমানে করে ঢাকা ছাড়েন।
২৩ সেপ্টেম্বর দুপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে এক অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতে প্রথম ১০টি দেশের সরকার প্রধানের সম্মানে ওবামা এই অনুষ্ঠানের আয়োজন করছেন। বাংলাদেশ সৈন্যসংখ্যার হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখছে।
সন্ধ্যায় বারাক ওবামা ও মিশেল ওবামার দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
২৪ সেপ্টেম্বর নারী রাষ্ট্র ও সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীদের সম্মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন শেখ হাসিনা।
পরদিন ২৫ সেপ্টেম্বর শ্রীলংকার প্রধানমন্ত্রী, কমনওয়েলথের মহাসচিব, কেনিয়ার প্রধানমন্ত্রী এবং ওআইসির মহাসচিবের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। ওয়াশিংটন হয়ে ১ অক্টোবর সকালে দেশে ফিরবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, মন্ত্রীপরিষদ সচিব এম আব্দুল আজিজ, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাংসদ নাসরুল হামিদ বিপু, কলামিস্ট মুস্তাফা নুরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮৩০ ঘ.
bdnews24