ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়ে সহায়তা চাওয়ায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ তৈরী পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার বিজিএমইএ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দীপু মনি ও হিলারির বৈঠক হয়। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়ে বিশেষ অনুরোধ জানান দীপু মনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বিষয়ে সহায়তা চাওয়ায় দেশের সর্ববৃহৎ রপ্তানীকারক তৈরী পোশাক শিল্পের পক্ষ থেকে বিজিএমইএ পররাষ্ট্র মন্ত্রীকে কৃতজ্ঞতা এবং প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছে।"
এতে আরও বলা হয়, স্বল্পোন্নত দেশগুলোকে শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার বিষয়ে বর্তমান মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি অত্যন্ত আন্তরিক। গত মে মাসে মার্কিন সিনেটে উত্থাপিত ট্রেড বিল ২০০৯ যুক্তরাষ্ট্রের বাজারে স্বল্পোন্নত দেশগুলোর বাজার সুবিধা পাওয়ার সম্ভাবনাকে আরো জোরদার করেছে, যা স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সুযোগ সৃষ্টির পাশাপাশি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমন, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা পালন করবে। এজন্য বিজিএমইএ'র পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনসহ সংশ্লিষ্ট সিনেটর ও কংগ্রেসম্যান এবং মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে।
বিজিএমইএ আফ্রিকাসহ অন্যান্য স্বল্পোন্নত দেশের সমর্থন আদায় এবং শুল্কমুক্ত বিল পাস সংক্রান্ত প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারকে জোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২৩২০ ঘ.
bdnews24