২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী কাদের গ্রেপ্তার

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী আব্দুল কাদের ওরফে 'মাছ কাদের' (৪২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে নগরীর দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে কাদের ও তার সহযোগী জামাল আহম্মেদ চৌধুরীকে (৩১) গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী আব্দুল কাদের ওরফে 'মাছ কাদের' (৪২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে নগরীর দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে কাদের ও তার সহযোগী জামাল আহম্মেদ চৌধুরীকে (৩১) গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও আটক করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তালিকায় আব্দুল কাদের ওরফে 'মাছ কাদের' শীর্ষ দশ সন্ত্রাসীর একজন। কাদেরের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ও ঢাকার মতিঝিল থানায় মোট ৩০টি মামলা এবং ৯টি জিডি রয়েছে। র‌্যাব-৭ এর স্টাফ কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুদিন আগে কাদের জেল থেকে জামিনে বের হয়। এরপর ঈদকে সামনে রেখে সে নগরীর বিভিন্ন মার্কেটে এবং বড় বড় ব্যবসায়ীদের কাছে বড় অঙ্কের চাঁদা আদায় করছিল । এএসপি মিজানুর রহমান আরো জানান, শুক্রবার রাতে দেওয়ানহাট ওভারব্রীজের কাছে তার মোটর সাইকেলের গতি রোধ করা হয়। র‌্যাব সদস্যরা সংকেত দেওয়ার পরও কাদের ও মোটর সাইকেল চালক তা অমান্য করে। এসময় তারা র‌্যাবের এক সদস্যের পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । কিন্তু র‌্যাবের অন্য সদস্যরা তাদের ঘেরাও করে গ্রেপ্তার করে। আসামিদের ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এমইউএস/আরএ/এসকে/১৯৪৯ঘ.