নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের উপজেলার ভূলতা এলাকায় শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা এবং তার মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী।
দুর্ঘটনার পর বিক্ষুবদ্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর এবং তিনটি বাসে অগ্নিসংযোগ করে।
নিহতরা হলেন- দোস্ত মোহাম্মদ (৪৬) ও তার মেয়ে ইসরাত জাহান মনি (১২)। নিহত দোস্ত মোহাম্মদ জনতা ব্যাংকের মুড়াপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা ছিলেন। তিনি রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়ার ছোট ভাই।
ব্যাংক কর্মকর্তার স্ত্রী আফরিন আক্তারকে (৩৬) গুরুতর আহত অবস্থায় ভুলতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে ঈদের কেনাকাটা করে দোস্ত মোহাম্মদ, তার স্ত্রী আফরিন ও মেয়ে ইসরাত জাহান মনিকে নিয়ে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
পথে রূপগঞ্জ উপজেলার ভূলতা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দোস্ত মোহাম্মদ ও তার মেয়ে মনি নিহত হয়। গুরুতর আহত হয় তার স্ত্রী আফরিন আক্তার।
ওসি জানান, দুর্ঘটনার খবরে উত্তেজিত এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ২০/২৫টি বাস ভাংচুর করে এবং তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৩০ ঘ.
bdnews24