ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দুর্নীতির অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি গঠন, কমিটির কার্যক্রম ও এর সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারে দায়ের করা রিট আবেদনের শুনানি ১৪ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি বোরহান উদ্দিনের বিশেষ বেঞ্চ এ রিট আবেদনে দুই আইনজীবীকে নতুন আদালত বন্ধু (অ্যামিকাস কিউরিয়া) নিয়োগ দেয়।
তারা হলেন, আজমালুল হোসেন কিউসি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম মেসবাহউদ্দিন।
বুধবার রিট আবেদনটির ওপর শুনানিতে আদালত বন্ধু ব্যারিস্টার রফিক-উল-হক ও এ এফ হাসান আরিফ ব্যক্তিগত কারণ উল্লেখ করে অপারগতা প্রকাশ করেন। মাহমুদুল ইসলাম ও ড. এম জহির বর্তমানে বিদেশে রয়েছেন। আবদুল ওয়াদুদ ভুইয়া অসুস্থ।
আদালত ৩ সেপ্টেম্বর ব্যারিস্টার রফিক উল হক, ড. এম জহির ও অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ ভুইঞাকে আদালত বন্ধু নিয়োগ দেন। এরপর সাবেক অ্যার্টনি জেনারেল মাহমুদুল ইসলাম ও এএফ হাসান আরিফকেও আদালত বন্ধু নিয়োগ করা হয়।
৫ জুলাই ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১১ সদস্যের সংসদীয় কমিটি অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে জমিরউদ্দিনের সংসদ সদস্য পদ বাতিল ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
২২ মার্চ স্পিকার আবদুল হামিদ ওই সংসদীয় কমিটি গঠন করেন।
কমিটি গঠন, এর কার্যক্রম ও সুপারিশের বৈধতা নিয়ে জমিরউদ্দিন সরকার ১৬ আগস্ট হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৬৩৪ ঘ.
bdnews24