২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ভারতীয় সার ও বিট লবণ উদ্ধার, গ্রেপ্তার ৪

জয়পুরহাট ও হিলি সীমান্ত এলাকা থেকে নকল সার ও বিট লবণসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 11:09 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

জয়পুরহাট, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাট ও হিলি সীমান্ত এলাকা থেকে নকল সার ও বিট লবণসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। র‌্যাব, বিডিআর ও পুলিশ ২৪ ঘন্টায় যৌথ অভিযান চালিয়ে এসব আটক করা হয়। গ্রেপ্তার করা চারজন হলেন- জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বয়রা বাজার গ্রামের আনোয়ার হোসেন (৩৫), ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোলভা গ্রামের রফিকুল ইসলাম (৩৬), দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালপাড়া গ্রামের নবিবুল ইসলাম (৫০) এবং নওগাঁর রাণীনগর উপজেলার খাজুরাপাড়া গ্রামের বাদশা মিয়া (৩৫)। র‌্যাব-৩ রাইফেল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে চোরাকারবারীরা ভারত থেকে নিম্নমানের সার দেশে এনে দেশি সারের বস্তায় প্যাকেটজাত করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার হোসাইন মুহাম্মদ রাজীব জানান, সোমবার রাত সাড়ে চারটায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা হাকিমপুর উপজেলার পালপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ বস্তা ভারতীয় নিুমানের সার উদ্ধার করে। রোববার দুপুরে র‌্যাব, বিডিআর, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত অভিযানে পালপাড়ার একটি গুদাম থেকে আরও ৩৭৮ বস্তা সার এবং প্রায় দেড় হাজার কেজি বিট লবণ উদ্ধার করা হয়। এ সময় প্যাকেটজাত করার সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব কর্মকর্তা হোসাইন মুহাম্মদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৬ ঘ.