২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজার হত্যাকাণ্ড: বিএনপি নেতাসহ পাঁচজন কারাগারে

রাজধানীর কারওয়ান বাজারে ট্রিপল মার্ডার মামলায় বিএনপি নেতা এল রহমান এবং নবী সোলায়মানসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজারে ট্রিপল মার্ডার মামলায় বিএনপি নেতা এল রহমান এবং নবী সোলায়মানসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক এ এন এম বশির উল্লাহ তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো অন্য তিন অভিযুক্ত হলেন মো. সাঈদ, নুরুল ইসলাম ও লুৎফর রহমান। ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান। অভিযুক্তদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। গত ২৬ জুন দুপুরে কারওয়ান বাজারের ডিআইটি মার্কেটে ব্যবসায়ী ফারুক মোল্লা, মো. জুয়েল ও আশরাফকে গুলি করে হত্যা করা হয়। ফারুক মোল্লা জাতীয় পার্টির স্থানীয় নেতা ও কারওয়ান বাজার ফল আড়ত মালিক সমিতির সভাপতি। আশারাফ মিঞা ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। চাঁদা না পেয়ে নবী সোলায়মান এবং এল রহমানের ভাড়া করা ক্যাডাররা তাদের হত্যা করে- এই অভিযোগ এনে ফারুক মোল্লার ভাই মোবারক হোসেন বাদি হয়ে ওইদিনই তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ফারুক মোল্লা কারওয়ান বাজারে দীর্ঘদিন ধরে ফলের ব্যবসা করে আসছিলেন। ডিআইটি ২ নম্বর মার্কেটের পশ্চিম দিকে এবং পার্ক মার্কেটের পূর্ব পাশে সিটি কর্পোরেশনের ৩০ টি দোকান বরাদ্দের জন্য ফারুক মোল্লা আবেদন করেন। নবী সোলায়মান, এল রহমান এবং অন্যরা ১৫ টি দোকান চাঁদা হিসেবে তাদের কাছে দাবি করে। কিন্তু তাদের দাবি না মানায় অভিযুক্তরা এ হত্যাকাণ্ড ঘটায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২২৩৫ ঘ.