ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিবিদদের সঙ্গে শনিবার গণভবনে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ ইফতারে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটভুক্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতা ছাড়াও অন্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী এ সময় ইফতারে অংশ নেওয়া অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতারে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, দলের নেতা বেগম রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমীন হাওলাদার, জিয়াউদ্দিন বাবলু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সৈয়দ জাফর সাজ্জাদ, মঈনুদ্দীন খান বাদল, শিরিন আখতার, আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ।
মহাজোটের বাইরে অন্য দলেরনেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।
ইফতার উপলক্ষ্যে মোনাজাত অনুষ্ঠিত হয়।
একই দিন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সংসদ ভবনে এমপি হোস্টেল প্রাঙ্গণে ইফতারের আয়োজন করায় প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে বিরোধী কোন নেতাকে দেখা যায় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এসএইচ/১৯২৯
bdnews24