চট্টগ্রাম, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাত সন্দেহে গণপিটুনিতে চারজন নিহত হয়েছে।
শনিবার ভোররাতে বারৈয়ারঢালা ইউনিয়নের সেদাই নগর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মোহাম্মদ বাবলু (৩০) ও মোহাম্মদ ইউনূস (৩৫)।
সীতাকুুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আট থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল সেদাই নগর গ্রামে ডাকাতি করতে আসে।
"স্থানীয় জনগণ তা টের পেয়ে মসজিদ থেকে মাইকে ঘোষণা দিলে গ্রামবাসীরা ঘর থেকে বের হয়ে ডাকাতদের আটক করে গণপিটুনি দেয়।"
এতে চারজন ঘটনাস্থলেই মারা যায় বলে ওসি জানান। ঘটনাস্থল থেকে দুটি চাপাতি, একটি কিরিচ ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
সপ্তাহখানেক আগেও একবার ওই গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ফলে গ্রামবাসীও প্রস্তুতি নিয়ে ছিল বলে পুলিশ জানায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৩১১ ঘ.
bdnews24