ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিরাম ভারী বর্ষণে সুনামগঞ্জ এবং উত্তরাঞ্চলের রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
চার দিনের টানা ভারী বৃষ্টির ফলে নীলফামারীর বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে হাজার হাজার একর জমির রোপা আমন।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বাড়তে শুরু করায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টানা বর্ষণে ঠাকুরগাঁওয়ের প্রধান নদীগুলোর পানি বেড়েছে। শহরের কয়েকটি এলাকায় পানি উঠে পড়েছে।
দিনাজপুরে গত ১২ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
রংপুর: অবিরাম বর্ষণে রংপুর শহরসহ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
শনিবার সন্ধ্যা থেকে গত ১৮ ঘণ্টায় রংপুরে ৩২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিসের কমকর্তা আব্দুস সালাম জানান।
রংপুর শহরের মুন্সিপাড়া, ধাপ বনানী, বাবুখা, গণেশপুর, গুড়াতিপাড়া, নীলকণ্ঠ, হনুমানতলা, জুম্মাপাড়া, কুকরুল, কামারপাড়া, আলমনগরসহ ২০টি মহল্লা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়।
এর ফলে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে । বিভিন্ন উপজেলার বহু গ্রামও পানিতে তলিয়ে গেছে।
এর মধ্যে রয়েছে- সদরের ৫০টি গ্রাম, গঙ্গাচড়ার সাতটি ইউনিয়নের ২৫টি গ্রাম, কাউনিয়ার দু'টি ইউনিয়নের ৫টি গ্রাম এবং পীরগঞ্জের ২০টি গ্রাম।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, তিস্তা, ধরলাসহ প্রধান প্রধান নদ-নদীর পানি বাড়লেও কোথাও বিপদসীমা অতিক্রম করেনি।
জেলা প্রশাসক আব্দুল আহাদ দাবি করেন, অতিবর্ষণের কারণে পানি বাড়লেও পরিস্থিতির এখনও অবনতি হয়নি।
রংপুর পৌরসভা চেয়ারম্যান আব্দুর রউফ মানিক জানান, শহরে নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি সরে যেতে পারছে না।
শহরের ৫০ হাজার মানুষ পানিবন্দি বলেও উল্লেখ করেন তিনি।
নীলফামারী: নীলফামারীর নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ধীরেন্দ্র নাথ রায় বলেছেন, তিস্তা নদীর পানি কমলেও চার দিনের টানা ভারী বর্ষণে স্থানীয় নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ৪ দিনে জেলায় ৫ শ' ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।
নীলফামারী কৃষি স
bdnews24