ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম প্রধান বেসরকারী মোবাইলফোন অপারেটর একটেল-এর গ্রাহক সংখ্যা এক কোটিতে পৌঁছালো।
এ উপলক্ষে বুধবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু অনুষ্ঠানে বলেন, "স্বল্প সময়ে এটি একটি বিরাট অর্জন। আমি আশা করি একটেল আরো এগিয়ে যাবে এবং পাশাপাশি কলরেট আরো কমাবে।"
একটেলের চেয়ারম্যান ইউসুফ আনোয়ার ইয়াকুব বলেন, "এক কোটি একটি বড় সংখ্যা। কিন্তু এ যাত্রা সহজ ছিলো না, আমাদের অনেক সমস্যা ছিলো।"
তিনি বলেন, গ্রাহকের প্রতি আমরা অঙ্গীকারাবদ্ধ। সংখ্যা গুরুত্বপূর্ণ বিষয় নয়, এমনকি যদি আমাদের একজনমাত্র গ্রাহকও থাকে। মূল বিষয় হলো সব গ্রাহকই আমাদের সার্ভিসে খুশি এটি নিশ্চিত করা।
একটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফরি আহমেদ তামবি বলেন, "এক কোটি গ্রাহকে পৌঁছার জন্য এই রাত গর্বের। এটি এক কোটি গ্রাহকের মাস। এটা সত্যিই উল্লেখযোগ্য।"
তিনি জানান, একটেলের যাত্রা শুরুর সময় কর্মী সংখ্যা ছিলো মাত্র ১৫০ এবং বিটিএস ছিলো ২০টি। বর্তমানে কর্মী সংখ্যা ১৫০০ এবং বিটিএস ৫ হাজার।
একটেল বাংলাদেশে ১৯৯৭ সালে আনুৃষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। এটি এজিয়াটা মালয়েশিয়া এবং এনটিটি ডকমো জাপান এর যৌথ মালিকানাধীন কোম্পানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএনএস/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24