গাইবান্ধা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মন্দুয়া গ্রামে একজন বিধবার চুল কেটে দিয়েছে ওই গ্রামের প্রভাবশালীরা। তারা ফতোয়া জারি করে মহিলার পুরো পরিবারকেও একঘরে করে রেখেছে।
গ্রামের মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে বেয়াদবির অভিযোগ এনে মঙ্গলবার গ্রামের মাদ্রাসায় সালিশ বসিয়ে প্রভাবশালীরা মহিলার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়। সেদিন থেকে পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে আছে।
ফতোয়ার শিকার ওই মহিলা শুক্রবার বিকেলে পাঁচজনকে আসামি করে সাদুল্লাপুর থানায় একটি মামলা করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জিএম মিজান।
তিনি জানান, আসামিরা হলেন- মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আনোয়ারুল ইসলাম, গ্রামের রবিউল ইসলাম, আমিরুল ইসলাম, জেসমিন আক্তার ও সাজেদা খাতুন।
সরেজমিন ওই এলাকায় গিয়ে জানা যায়, পবিত্র শবেবরাত উপলক্ষে শনিবার ওই মহিলা তার বাড়িতে দোয়ার আয়োজন করেন। এতে দাওয়াত করেন গ্রামের হেদয়েতুল মুসলেমিন হাফিজিয়া মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মো. আনোয়রুল ইসলামসহ আরও কয়েকজনকে। হাফেজসহ সমাজের কেউ তার বাড়িতে না আসায় পার্শ্ববর্তী গ্রাম থেকে মৌলবী ডেকে এনে দোয়া করান তিনি।
মঙ্গলবার ওই শিক্ষক মহিলাটির প্রতিবেশি আব্দুর রশিদ সরকারের বাড়িতে শবে বরাতের দোয়ায় যাচ্ছিলেন। পথে দেখা হলে মহিলার সঙ্গে শিক্ষকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের হাতাহাতি হয়।
মহিলা অভিযোগ করেন, তাকে মাদ্রাসায় নিয়ে বেঁধে রাখা হয়। পরে 'হুজুর'র সঙ্গে কথিত বেয়াদবি করায় তাৎক্ষণিকভাবে মসজিদ কমিটির সভাপতি মোস্তাফিজার রহমানসহ আসামিরা আরও কয়েক ব্যক্তিকে নিয়ে সালিশ বৈঠক করে। তারা ফতোয়া জারি করে তার চুল কেটে দেন। তার পরিবারকেও একঘরে করে দেয় তারা।
মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান বলেন, "হুজুরের সঙ্গে বেয়াদবি করায় সালিশে তাকে শাস্তি দেওয়া হয়েছে।"
বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনগত সাহায্য নেওয়ার জন্য পরামর্শ দিয়ে স্থানীয় একটি বেসরকারি সংস্থার কাছে পাঠানো হয়েছে।"
ব্র্যাক মানবাধিকার আইন সহায়তা কর্মসূচির প্রকল্প সংগঠক রাকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফতোয়ার শিকার মহিলা ও তার পরিবারকে আইনি সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৭ ঘ.
bdnews24