ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের দাবির প্রেক্ষাপটে রমজানে সন্ধ্যা ৮টার পর দোকান খোলা রাখার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে ফারুক খান সাংবাদিকদের বলেন, "৮টার পর দোকান খোলা রাখার বিষয়টি সরকার বিবেচনা করছে।"
তিনি বাণিজ্য অনুষদে 'হিসাব বিজ্ঞান সপ্তাহ' উদ্বোধন করেন।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার ৮টার পর সব দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। রমজানেও এ ব্যবস্থা চলবে বলে গত ৩০ জুলাই জেলা প্রশাসক সম্মেলনে জানিয়েছিলেন তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতি ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানায়।
ব্যবসার ক্ষতি হচ্ছে জানিয়ে দোকান মালিকরা হুঁশিয়ারি দিয়েছেন, রমজানে তারা সরকারি নির্দেশ অমান্য করে হ্যারিকেন কিংবা মোমবাতি জ্বালিয়েও রাত ৮টার পর দোকান খোলা রাখবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৪২০ ঘ.
bdnews24