২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান বেশি কেনার পরামর্শ ডিসিদের, গুদাম সঙ্কটের কথা জানালেন মন্ত্রী

কৃষকদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য দিতে চালের পরিবর্তে বেশি করে ধান কেনার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসকরা। তবে গুদাম সঙ্কটের কারণে এখনই সে পরামর্শ গ্রহণ করতে পারছে না সরকার। তত্ত্বাবধায়ক সরকারের সময় কর্মসৃজন কর্মসূচিতে অনিময়-দুর্নীতি হয়েছে বলেও জেলা প্রশাসকরা অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 05:59 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষকদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য দিতে চালের পরিবর্তে বেশি করে ধান কেনার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসকরা। তবে গুদাম সঙ্কটের কারণে এখনই সে পরামর্শ গ্রহণ করতে পারছে না সরকার। তত্ত্বাবধায়ক সরকারের সময় কর্মসৃজন কর্মসূচিতে অনিময়-দুর্নীতি হয়েছে বলেও জেলা প্রশাসকরা অভিযোগ করেছেন। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে বুধবার জেলা পর্যায়ের নির্বাহী প্রধানদের সঙ্গে বৈঠক করেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ওই বৈঠক হয়। খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "জেলা প্রশাসকরা চালের চেয়ে বেশি পরিমাণ ধান কেনার পরামর্শ দিয়েছে। কিন্তু বর্তমানে আমাদের গুদামের সঙ্কট রয়েছে। সরকার আরও বেশি সংখ্যক গুদাম নির্মাণের পরিকল্পনা করছে। তবে নতুন গুদাম নির্মাণ না হওয়া পর্যন্ত বেশি পরিমাণে ধান সংগ্রহ করা সম্ভব হবে না। কারণ ধানের জন্য গুদামে বেশি জায়গার প্রয়োজন হয়।" রাজ্জাক বলেন, "সরকার কৃষকদের ধান উৎপাদনে উৎসাহিত করতে নানা ধরনের প্রণোদনামূলক কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়াও কৃষি উপকরণের মূল্য কমিয়েও সহায়তা দেওয়া হতে পারে।" তিনি বলেন, "উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে জেলা প্রশাসকরা সরাসরি সম্পৃক্ত। এসব কর্মকাণ্ডে তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে।" রাজ্জাক বলেন, "জেলা প্রশাসকরা জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। কার্যত এ কর্মসূচিটি ব্যর্থ হয়েছে। ফলে সামাজিক নিরাপত্তা খাতে নেওয়া এ কর্মসূচি সাধারণ মানুষের কাজে আসেনি।" জেলা প্রশাসকরা উপকূলীয় এলাকায় আরও অনেক ঘূর্র্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ ও উপকূলীয় বাঁধ সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, "ঘূর্ণিঝড় 'আইলা'র পর উপকূলীয় এলাকায় আরও ৮০০ আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বেশি করে আশ্রয় কেন্দ্র নির্মাণে দাতাদের সহায়তা চাওয়া হয়েছে। তাদের সহায়তা পাওয়া গেলে শিগগিরই আরও আশ্রয় কেন্দ্র নির্মাণ হবে।" টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) এর মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিময় রোধে জেলা প্রশাসকদের সতর্ক হওয়ার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার তিনদিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। গত ৬ জানুয়ারি বর্তমান মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসকদের নিয়ে প্রধানমন্ত্রী একাধিক বৈঠক করলেও আনুষ্ঠানিক সম্মেলন এটিই প্রথম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১২০০ ঘ.