ফরিদপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগে এক 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।
মামলার আসামি হলেন- মধুখালী উপজেলার গোন্ধারদিয়া গ্রামের শফিউদ্দিন মোল্লা। মামলায় তাকে 'রাজাকার' বলে উল্লেখ করা হয়।
রোববার ফরিদপুরের ৪ নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন মধুখালী উপজেলার পূর্বগাড়া খোলা গ্রামের মনীন্দ্রনাথ সাহা।
বিচারক হারুন-অর-রশীদ মধুখালী থানাকে মামলাটি গ্রহণের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৭১ সালের ১৫ মে সকালে শফিউদ্দিন মোল্লার নেতৃত্বে একদল রাজাকার পূর্ব গাড়া খোলা গ্রামে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ শেষে তারা গ্রামের পতিত পাবন কুণ্ডু ও বীর বাহাদুর নামের দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। এ সময় বাদী মনীন্দ্রনাথ সাহা আহত হলেও বেঁচে যান।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মহসিনুল হক জানান, "আদালতের নির্দেশ এখনও পাইনি। নির্দেশ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24