ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুরে শনিবার দুপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মতিন (৩০) নামে এক সন্ত্রাসী আহত হয়েছে।
এসময় সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে পুলিশের এক সদস্যও আহত হয়েছে বলে জানিয়েছেন মীরপুর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।
আহত ওই সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের দিকে মীরপুর সিরামিকসের সামনে কয়েকজন সন্ত্রাসী সংগঠিত হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ও বোমা ছুড়তে থাকে। এসময় সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে আবদুল্লাহ লতিফ নামে এক এএসআই আহত হন।
পুলিশ পাল্টা গুলি ছুড়লে একটি গুলি মতিনের পায়ে লাগে বলে কমিশনার জানান। পরে তাকে গ্রেপ্তার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের ধারণা, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে তারা সংগঠিত হচ্ছিল।
মতিনের অন্য সহযোগিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসকে/১৮১২ঘ.
bdnews24