সাতক্ষীরা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সীমান্ত থেকে ২৩ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিডিআর।
শুক্রবার ভোররাতে সদর উপজেলার লক্ষীদাড়ি সীমান্তের বেড়িবাঁধের উপর থেকে তাদেরকে আটক করা হয়।
আটক নারী পুরুষরা জানান, তারা বিভিন্ন সময়ে ভালো কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। দু'দিন আগে ভারতের পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ তাদেরকে আটক করে এক জায়গায় জড়ো করে। শুক্রবার ভোররাতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে তাদেরকে লক্ষীদাড়ি সীমান্তে ঠেলে দেয়।
আটকরা হলেন- খুলনার জেলার ডুমুরিয়া উপজেলার নরেন মণ্ডল (৮০), দিঘলিয়া উপজেলার রাজগঞ্জ গ্রামের আদুরী বিবি (৬৫) ও পূজা (৮), নন্দনপুর গ্রামের লিটন বিশ্বাস (৮), নড়াইলের লোহাগড়ার রিজিয়া খাতুন (৮০), খুকি (৩২), আয়শা (৩২), আলী হোসেন (৬), রেখা (২৫), শুকরন বিবি (৭), মুন্নি (৫), হাসান (৩), মানিক (২), বরিশালের রাজাপুর গ্রামের লক্ষ্মী রানী দাস (২২), বাগেরহাটের পূর্ব আমরবাড়িয়ার লাল মিয়া (৪০), মাঠেরপাড় এলাকার বেলায়েত হোসেন (১৮) ও শহীদ আকন্দ (১৭), রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাছালং এলাকার কাঞ্চন কর্মকার (৩৩), পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপাতাশি গ্রামের আয়ূব খান (৩৫), সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নীলকন্ঠপুর গ্রামের মুরাদ মোল্লা (২৯), পানিয়া গ্রামের রেজাউল করিম (৩০), আবু সাঈদ সরদার ও ফতেপুর গ্রামের মোখলেছুর রহমান (২৫)।
৪১ রাইফেলস ব্যাটেলিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ জানান, আটককৃতরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। শুক্রবার ভোররাতে বাংলাদেশে ফেরার সময় গাজীপুর সীমান্ত ফাঁড়ির বিডিআর'র একটি টহলদল তাদের আটক করে।
তিনি জানান, আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বিডিআর এর গাজীপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার শাহিনুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৯ ঘ.
bdnews24