২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর বিভাগ গঠনের সুপারিশ তৈরিতে ৯ সদস্যের কমিটি

রংপুর প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব পরীক্ষা ও পর্যালোচনা করে সুপারিশ জমা দেওয়ার জন্য নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 06:17 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব পরীক্ষা ও পর্যালোচনা করে সুপারিশ জমা দেওয়ার জন্য নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করে। সরকারি আদেশে কমিটির কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়, রংপুর প্রশাসনিক বিভাগের বিভাগীয় সদর দপ্তরে আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে কোন কোন বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরের কার্যালয় স্থাপনের প্রয়োজন রয়েছে কমিটি তা সুপারিশ করবে। এছাড়া বিভাগীয় অফিস স্থাপনের জন্য ভৌত অবকাঠামো সুবিধা নিরূপণ, বিভাগীয় কার্যালয়গুলোর জন্য লোকবল নির্ধারণ, ভৌত অবকাঠামো এবং লোকবলের জন্য অর্থের প্রাক্কলন প্রণয়ন ও সংকুলান এবং পুরাতন-নতুন প্রশাসনিক বিভাগের সীমানা নির্ধারণ সম্পর্কেও সুপারিশ করবে এ কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসকে/২৩৫৫ঘ.