ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়াতে সরকারের কাছে আইন সংশোধনের অনুরোধ জানাবে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এরকম ইঙ্গিত দেন।
সিইসি বলেন, '' অনেকে নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্র চূড়ান্ত করতে পারছে না। বিএনপিও সময় চেয়ে আবেদন করার কথা জানিয়েছে। এ অবস্থায় কমিশন মনে করে দলগুলোতে সত্যিকার সংস্কারের জন্য সময় লাগবে। তাদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি আমরা বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেব।''
ইসির সঙ্গে বৈঠকের পর বিএনপির সহ সভাপতি এম কে আনোয়ার জানিয়েছেন, দলীয় ফোরামে আলোচনার পর ২৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর আবেদন জানিয়ে ইসি'র কাছে রোববার চিঠি দেওয়া হতে পারে।
এম কে আনোয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিইসি'র সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন,'' সময় বাড়াতে গণপ্রতিনিধিত্ব আদেশ আইনের সংশোধনী আনতে হবে। কমিশন বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছে পাঠাবে। এ সংশোধনী অধ্যাদেশ করে না আইন করে হবে- তা সরকারই নির্ধারণ করবে।''
আরেক প্রশ্নের জবাবে এটিএম শামসুল হুদা জানান, বিএনপি খুব শিগগিরই আবেদন করবে। আরও ৮টি রাজনৈতিক দলও সময় চেয়ে আবেদন করেছে। সবগুলো আবেদন নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
তবে সময় বাড়ানোর সীমারেখা জানতে চাইলে সিইসি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।
সিইসি'র সঙ্গে প্রতিনিধিদলসহ ঘন্টাখানেক বৈঠকের পর বিএনপি নেতা এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন,'' আমরা যেনতনভাবে কাউন্সিল করতে চাই না। বিএনপি দলের সব পর্যায়ে গুণগত পরিবর্তন আনতে চায়। ইতিমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের নিবন্ধন আইন মেনে গঠনতন্ত্র সংশোধনে আরও ৬ মাস সময় প্রয়োজন রয়েছে বলে আমরা সিইসিকে জানিয়েছি।''
এম কে আনোয়ার জানান, বৈঠকে নির্বাচন কমিশন তাদের সঙ্গে মতৈক্য প্রকাশ করে জানিয়েছেন, লিখিত আবেদন পেলে বিষয়টি বিবেচনা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএই্চসি/এসএম/এসকে/২১১২ঘ.
bdnews24