মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ বাজার থেকে বোরো মৌসুমে উৎপাদিত ধান ও চাল সংগ্রহে সরকারি লক্ষ্যমাত্রার এ পর্যন্ত অর্ধেকের বেশি অর্জিত হলেও বাজারে ধান ও চালের মূল্যে তেমন প্রভাব পড়ছে না। অন্যদিকে গুদামে ধারণ ক্ষমতা না থাকায় সংগ্রহ প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশংকা করা হচ্ছে যে কারণে বাজারে দাম পড়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন খোদ খাদ্যমন্ত্রী।
ইতিমধ্যেই বাম্পার ফলন ও আগের বছরের মজুদ থেকে যাওয়ায় অনেক কৃষক এবার ধানের যথাযথ দাম না পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সংগ্রহ পদ্ধতির সীমাবদ্ধতা ও অতি মুনাফালোভী মিল মালিকদের তৎপরতা এর অন্যতম কারণ হিসেবে মনে করা হয়।
মঙ্গলবার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩০ জুন পর্যন্ত গত দুই মাসে সরকারি সংগ্রহের লক্ষ্যমাত্রার প্রায় ৬০ ভাগ অর্জিত হয়েছে। এ সময়ে ৬ লাখ ৪৮ হাজার ৭০১ মেট্রিক টন সেদ্ধ চাল, ৯ হাজার ২৯৪ মেট্রিক টন আতপ চাল এবং ৮৪ হাজার ৮৮৭ মেট্রিক টন ধান কেনা হয়েছে।
মহাপরিচালক জানান, গুদামে এ মুহূর্তে কোনো জায়গা নেই। তবে মজুদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে আরও তিন চারদিন লাগবে। এর আগ পর্যন্ত কয়েকদিন গুদাম থেকে ধান চাল নেওয়া ও দেওয়া বন্ধ থাকবে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে সরকারিভাবে কেনা বন্ধ হয়ে গেলে বাজারে চালের দাম কমে ১০ টাকা কেজিতে নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
গুদামে স্থান সঙ্কটের কথা স্বীকার করে বুধবার খাদ্যমন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, চলতি অর্থবছরে দেশে রেকর্ড পরিমাণ প্রায় ২০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিভিন্ন কর্মসূচির আওতায় বিতরণ করা হয়েছে। এরপরও আগের মজুদের সঙ্গে নতুন মজুদ মিলে গুদামের ধারণক্ষমতা প্রায় শেষ।
আব্দুর রাজ্জাক জানান, সরকার জুলাই মাসে নতুন করে ভিজিএফ, ভিজিডিসহ বিভিন্ন ধরণের কর্মসূচির আওতায় আরও খাদ্যশস্য বিতরণ করবে। তখন গুদাম খালি হলেই কেবল নতুন সংগ্রহের ধান ও চাল ঢোকানো হবে। তার আগে সংগ্রহ প্রক্রিয়া প্রায় বন্ধই থাকবে।
বর্তমানে প্রতিদিনই প্রায় ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন করে ধান ও চাল গুদামে আসছে।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বিভিন্ন ধরণের খাদ্য গুদামের সংখ্যা ৬২১টি। এসবের মোট ধারণক্ষমতা হচ্ছে ১৪ লাখ ৭৩ হাজার ২১৭ মেট্রিক টন। এর মধ্যে ৬০৪ স্থানীয় সংরক্ষণ ডিপোর (এলএসডি) ধারণক্ষমতা নয় লাখ ৫১ হাজার ৯৬৭ মেট্রিক টন, ১২টি কেন্দ্রীয় সংরক্ষণ ডিপোর (সিএসডি) ধারণ দুই লাখ ৯৫ হাজার ৪৫০ এবং পাঁচটি সাইলোর ধারণ ক্ষমতা দুই লাখ ২৫ হাজার ৮০০ মেট্রিক টন।
খাদ্যমন্ত্রী জানান, আগামী অর্থবছরে জাপানী সহায়তায় দেশে তিনটি নতুন খাদ্যগুদাম নির্মাণ হবে। এতে সরকারি গুদামের ধারণক্ষমতা দুই লাখ ৮০ হাজার মেট্রিক টন বাড়বে । এর মধ্যে উত্তরবঙ্গে এক লাখ ২০ হাজার, ঢাকার পোস্তগোলায় এক লাখ ১০ হাজার এবং দক্ষিণে মংলায় ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য ধারণক্ষমতাসম্পন্ন তিনটি গুদাম নির্মাণ করা হবে। এগুলোর নির্মাণ কাজ শুরু হবে আগামী অর্থ বছরে। পোস্তগোলার গুদামটির কাজ শুরু হবে আগামী বছরের এপ্রিলে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ মে সরকারি ধান ও চাল কেনা কর্মসূচি শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত ৬ লাখ ৪৮ হাজার ৭০১ মেট্রিক টন সেদ্ধ চাল ক্রয় করা হয়েছে। এছাড়া ৯ হাজার ২শ' ৯৪ মেট্রিক টন আতপ চাল ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৮৪ হাজার ৮৮৭ মেট্রিক টন ধান কেনা হয়েছে যা ১২ লাখ টনের লক্ষ্যমাত্রার ৬০ শতাংশের কাছাকাছি।
কৃষক থেকে না কিনে মিল মালিকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের অভিযোগ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জানান, নানা নিয়ম-নীতি এবং জটিলতার কারণে কৃষকরা সরাসরি গুদামে ধান বা চাল সরবরাহ করতে আগ্রহী হচ্ছে না। তাই সরকারকে ডিলারদের কাছ থেকে কিনতে হচ্ছে। কৃষকরা সরাসরি নিয়ে গেলে তাও কেনা হবে।
গত ১ মে দেশে বোরো সংগ্রহ অভিযান শুরু করা হয়। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এ কর্মসূচি চলবে। প্রতিকেজি সেদ্ধ চাল ২২ টাকা, আতপ চাল ২১ টাকা এবং ধান ১৪ টাকা দরে কেনা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচসি/এসকে/২০১৮ঘ.
bdnews24