২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের চিঠির জবাব পেলেই সাকা'র বিরুদ্ধে ব্যবস্থা: ছহুল হোসাইন

স্পিকারের কাছে লেখা চিঠির জবাব পেলেই সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। পাবনা সার্কিট হাউসে সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

পাবনা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পিকারের কাছে লেখা চিঠির জবাব পেলেই সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। পাবনা সার্কিট হাউসে সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। ছহুল হোসাইন বলেন, "সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সংসদ সদস্যপদ খারিজের ব্যাপারে আমরা স্পিকারের কাছ থেকে চিঠির জবাবের অপেক্ষায় রয়েছি। তিনি চিঠির উত্তর দিলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।" হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সালাহউদ্দিন কাদের চৌধুরীর সংসদ সদস্যপথ থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ছহুল হোসাইন বলেন, "সালাউদ্দিন কাদের চৌধুরী নির্বাচন কমিশনে এসে বলেছেন, তিনি লন্ডনে ব্যারিস্টারি পড়েছেন। আবার বলেছেন, করাচিতে পড়াশোনা করেছেন। আবার তার সংসদীয় বায়োগ্রাফিতে ঢাকার নটরডেম কলেজে পড়াশোনা করার তথ্য দেওয়া আছে।" তিনি বলেন, "এ সব সার্টিফিকেট যোগাড় করতে সময় লাগবে বলে সাকা চৌধুরী কমিশনের কাছ থেকে ৫ মাস সময় নেন। ৩১ মে নির্ধারিত সময় শেষ হলেও তিনি প্রকৃত তথ্য দেননি।" ছহুল হোসাইন মন্তব্য করেন শিক্ষাগত যোগ্যতা না থাকলেও নির্বাচন করা যাবে, কিন্তু হলফনামায় তথ্য গোপন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মাহবুব উল আলম, রাজশাহী বিভাগের উপ-নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মুসা, জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ছহুল হোসাইন জেলার ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর, সদর ও ঈশ্বরদী ইসি-র সার্ভার স্টেশনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২১৫৬ঘ.