বাগেরহাট, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে বাগেরহাটে করা ছয় রাজার'র বিরুদ্ধে করা একটি মামলা থানায় নথিভুক্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ফকিরহাট থানায় মামলাটি নথিভুক্ত হয়ে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়েম উদ্দিন খান।
তিনি বলেন, ''আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।''
গত ৭ মে ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের শুভদিয়া গ্রামের রজব আলী শিকদারের মেয়ে আকলিমা বেগম মুক্তিযুদ্ধের সময় বাবার খুনীদের বিরুদ্ধে বাগেরহাটের মুখ্য বিচার বিভাগীয় আদালতে মামলাটি করেছিলেন।
অভিযুক্তরা হলেন- ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের শুভদিয়া গ্রামের মোহম্মদ আলী মোল্লা (৬৮), স.ম শহীদুল্লাহ (৬৫), এন্তাজ লস্কর (৫৯), শমসের শেখ (৫৮), আনছার শেখ (৬২) এবং দরবেশ শেখ (৬৫)।
আকলিমা অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাদের বাড়িতে আশ্রয় দেওয়ায় ১৯৭১ সালের ২৩ এপ্রিল শুভদিয়া গ্রামের মোহম্মদ আলীর নেতৃত্বে একদল রাজাকার তার বাবা রজব আলী শিকদারকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে লাশ পশুর নদীতে ভাসিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৩০ ঘ.
bdnews24