ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ।
একই সঙ্গে তিনি বলেন, "তবে আমার ব্যক্তিগত অভিমত নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও দৃঢ়তার সঙ্গে কাজ করতে পারলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই।"
সোমবার সংসদে আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, "এই জাতি আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে চায় না। নির্বাচিত গণতান্ত্রিক সরকার যদি পাঁচ বছর দেশ চালাতে পারে, তাহলে তিন মাস বা দুই বছরও পারবে।"
ভারতের উদাহরণ টেনে আইনমন্ত্রী বলেন, "সেখানে নির্বাচন কমিশন নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করছে। সেদেশে আমাদের মত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নেই।"
নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে কি না- এই প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, "আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানই স্বাধীন। তারা স্বাধীনভাবেই কাজ করছে। একটি প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করবে কিনা তা নির্ভর করে সেই প্রতিষ্ঠানে কর্মরতদের ওপর।"
নিজের মন্ত্রণালয়ের উদাহরণ টেনে তিনি বলেন, "চাইলেই একটি প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারে। আমি যদি চাই আইন মন্ত্রণালয় স্বাধীনভাবে কাজ করবে। তবে এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সততা এবং ব্যক্তিত্ব। কিন্তু আগের নির্বাচন কমিশনার তা না করে বিতর্কিত ভোটার তালিকা তৈরি করেছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/টিআর/এইচএ/২১৩০ ঘ.
bdnews24