বরিশাল, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রাকের ধাক্কায় আহত এক স্কুলছাত্রীর চিকিৎসায় অবহেলার অভিযোগে সোমবার বিকেলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার স্বজনরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুজ্জামান চৌধুরী জানান, ট্রাকের ধাক্কায় আহত শিশুর চিকিৎসায় দেরী হওয়ায় তার স্বজনরা মেডিকেলে হট্টগোল ও হৈ-চৈ করে এবং একটি জানলার কাচ ভাঙচুর করে।
তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, নগরীর কেডিসি বস্তির বাসিন্দা কালাম হাওলাদারের মেয়ে ওয়াইডব্লিউসিএ স্কুলের ফ্রি শিফট্ এর ছাত্রী রূপা (৮) দুপুর ২ টায় বাসা থেকে স্কুলে যাওয়ার পথে চাঁদমারীগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ড-৩১০৭) ধাক্কায় আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর পৌনে ৩ টায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা চিকিৎসার উদ্যোগ না নিলে বিক্ষুদ্ধ হয়ে উঠে তার স্বজনরা। খবর পেয়ে তাদের সঙ্গে যোগ দেয় বেশ কয়েকজন বস্তিবাসী। তারা হৈ-চৈ ও বিক্ষোভ শুরু করে। পরে তারা হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষের দরজা-জানলার কাচ ভাঙচুর করে এবং চিকিৎসকদের নেমপ্লেট ফেলে দেয়।
হাসপাতালের পরিচালক ডা. ধীরেন্দ্র নাথ সরদার এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন।
হাসপাতোলের উপ-পরিচালক ডা. আব্দুল খালেক জানান, শিশুকে যখন ভর্তি করা হয় সে সময়টা চিকিৎসক ও নার্সদের পালা পরিবর্তনের সময়। এ কারণে চিকিৎসায় হয়তো একটু বিলম্ব হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24