ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের প্রথম পর্যায়ের কাজ সোমবার শুরু হচ্ছে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, "চারটি ধাপের প্রথম পর্যায়ে দেশের ১শ' ৫৩ উপজেলায় সোমবার হালনাগাদের কাজ শুরু হবে।"
নির্বাচন কমিশনার জানান, ইসি'র নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন এবং ছবিসহ তালিকা নিবন্ধন করবেন। এতে প্রতিটি উপজেলায় গড়ে সাড়ে তিন থেকে চার হাজার নতুন ভোটার অন্তর্ভূক্ত হতে পারে।
এম সাখাওয়াত হোসেন বলেন, "১৯৯২ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম হয়েছে বা ২০১০ সালের ১ জানুয়ারি যাদের ন্যূনতম বয়স আঠারো হবে কেবল তারাই হালনাগাদ তালিকায় অন্তর্ভূক্ত হবেন এবং তাদেরকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।"
ভোটার তালিকাভূক্ত যাদের মৃত্যু হয়েছে হালনাগাদ তালিকায় তাদের বাদ দেওয়া হবে বলেও জানান তিনি।
তবে হালনাগাদের সময় বিদ্যমান ভোটারদের ডাটাবেজের তথ্য বা বানান সংশোধন বা ছবি সংশোধনের কাজ করা হবে না বলে জানিয়েছেন এই কমিশনার।
সেনা সমর্থিত ফখরুদ্দীন আহমেদের তত্ত্বধায়ক সরকারের সময় ২০০৭ সালে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। নবম সংসদে এ তালিকা অনুযায়ী ভোটার ছিল আট কোটি ১০ লাখেরও বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২১৩৬ঘ.
bdnews24