২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১৫ বিডিআর সদস্যের জামিন নামঞ্জুর

বিদ্রোহের মামলায় চাঁপাইনবাবগঞ্জে ১৫ বিডিআর সদস্যের জামিন নামঞ্জুর করেছে আদালত। এ মামলায় গ্রেপ্তার ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের ৩০ সদস্যকে রোববার সকালে জেলা কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় চাঁপাইনবাবগঞ্জে ১৫ বিডিআর সদস্যের জামিন নামঞ্জুর করেছে আদালত। এ মামলায় গ্রেপ্তার ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের ৩০ সদস্যকে রোববার সকালে জেলা কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ১৫ জনের আইনজীবী তাদের জামিন আবেদন করেন। জামিনের বিরোধিতা করে মামলার অধিকতর তদন্তের জন্য আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইদুল ইসলাম। শুনানি শেষে হাকিম বাসুদেব রায় আসামিদের জামিন নামঞ্জুর করেন। আগামী ১৫ জুলাই শুনানির দিন ধার্য করে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোরও আদেশ দেন তিনি। যাদের জামিন আবেদন করা হয়েছিল তারা হলেন- সুবেদার মোস্তফা মিয়া, হাবিলদার বেনোয়ার হোসেন, নায়েক শফিকুল ইসলাম ও ইস্কান্দার, ল্যান্স নায়েক মফিজুল্লাহ, লিয়াকত আলী, সফিকুর রহমান ও তাউস এবং সিপাহী জাহাঙ্গীর আলম, মহিনউদ্দিন, আমিনুল ইসলাম, মজিবুর রহমান, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম। ২৫ ফেব্র"য়ারি রাজধানীতে বিডিআর বিদ্রোহ ও সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের পরদিন সারাদেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের মত চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেলস ব্যাটালিয়নেও বিদ্রোহের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ মে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ৩০ বিডিআর সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা করেন মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে। পরদিন ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৫০৩ ঘ.