ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক দুই দিনের সফরে শনিবার বিকেলে ঢাকা পৌঁছেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে বলেন, "তিনি (রবার্ট ব্লেক) বিকেল ৪ টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছেছেন।"
ঢাকায় আমেরিকান সেন্টারের এক বিবৃতিতে জানানো হয়েছে, সহকারী পররাষ্ট্র মন্ত্রী হিসেবে ব্লেকের এটাই প্রথম বাংলাদেশ সফর।
এর আগে গত ৮ ফেব্র"য়ারি তার পূর্বসূরি রিচার্ড এ বাউচার নতুন সরকারের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সফরে আসেন।
ওই বিবৃতিতে বলা হয়, সফরকালে রবার্ট ব্লেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমডি/এইচএ/১৭৫০ ঘ.
bdnews24