বরগুনা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) উচ্চ প্রোটিনের বিস্কুট খেয়ে অসুস্থ বরগুনার শিশুরা ওই বিস্কুট মিইয়ে যাওয়া ছিল বলে তদন্তকারীদের জানিয়েছে।
শিশুরা বলেছে, বিস্কুট খাওয়ার পরই কারো কারো পেটে ব্যথা ও বমি হয় ।
'সুশীলন' নামের বেসরকারি সংস্থার সরবরাহ করা ওই বিস্কুটের প্যাকেটে মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ বা বিএসটিআই-এর অনুমোদনের কোনো নম্বর ছিল না।
এদিকে বুধবার সকালে আরও পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিশু অসুস্থ হয়ে জেনারেল হাসপাতালে আসে। তবে তারা চিকিৎসার পর সুস্থ হয়েছে।
তদন্ত কমিটির সদস্য হাসানুর রহমান ঝন্টু ও রেজবুল কবির এ প্রতিনিধিকে জানান, বুধবার বেলা ১১টার দিকে তারা পোটকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রীদের খাওয়ানো বিস্কুট পরীক্ষা করে দেখেছেন।
তিনি বলেন, বিস্কুটগুলো যশোরের ঝুমঝুমপুরের বিসিক শিল্প নগরীর মনা ফুড ইন্ডাস্ট্রিজে উৎপাদিত হয়েছে। প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ বা বিএসটিআই-এর অনুমোদনের নম্বর নেই বলে জানান ঝন্টু।
বরগুনার জেলা প্রশাসক স্বপন কুমার সরকার সাংবাদিকদের বলেছেন, তদন্ত রিপোর্টের পরে শিশুদের অসুস্থ হওয়ার সঠিক কারণ বলা যাবে। তবে বরগুনার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত বিস্কুট খাওয়ানো বন্ধ রাখা হয়েছে।
বিদ্যালয়ের শিশুরা বলেছে, তাদেরকে মিইয়ে যাওয়া বিস্কুট খাওয়ানো হয়েছে। বিস্কুটে তারা আগের মতো স্বাদ পায়নি। খাবার পরপরই তাদের পেটে ব্যথা শুরু হয়। অনেকে বমি করে মাথা ঘুরে পড়ে যায়।
পোটকাখালী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, সিডরের পরে তাদের বিদ্যালয়ে যে বিস্কুট দেওয়া হয়েছিল তার সঙ্গে বর্তমানে সরবরাহ করা বিস্কুটের মিল নেই।
বিস্কুট সরবরাহকারী সংস্থা সুশীলনের জেলা কর্মকর্তা হাসানুজ্জামান জানান, সিডরের পর টাংগাইলের মির্জাপুরে উৎপাদিত বিস্কুট দেওয়া হয়েছিল। এপ্রিল থেকে ওই বিদ্যালয়ে যশোরে উৎপাদিত বিস্কুট সরবরাহ করা হয়। বর্তমানে যশোর ও টাঙ্গাইলের দুই কোম্পানির বিস্কুটই আনা হয়েছে।
ডব্লিউএফপি'র অনুমোদনক্রমে তারা এ উচ্চ প্রোটিন সমৃদ্ধ বিস্কুট কিনে সরবরাহ করে থাকেন বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে বিশ্ব খাদ্য কর্মসূচির বিস্কুট খেয়ে পোটকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫২ জন শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। রাতে হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়।
গত ২ জুন খাগড়াছড়ি ও বান্দরবানের কয়েকটি এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে ইমার্জেন্সি স্কুল ফিডিং প্রকল্পের আওতায় বিতরণ করা একই ধরণের বিস্কুট খেয়ে পাঁচশ'র বেশি শিশু অসুস্থ হয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৩২. ঘ.
bdnews24