ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে গেছেন।
বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তবে ওই সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি তিনি। পদত্যাগের গুঞ্জনের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তানজিম শুধু বলেন, "আমি এখন অসুস্থ।"
প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোজাক্কের আলীকে কিছু ফাইল-পত্র নিয়ে তানজিম আহমেদের কক্ষে ঢুকতে দেখা গেছে।
বৃহস্পতিবার থেকে তিনি নিয়মিত অফিস করবেন বলে বুধবার রাতে তানজিমের নির্বাচনী এলাকা কাপাসিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সাংবাদিকদের জানিয়েছিলেন।
তানজিম পদত্যাগ করছেন- এমন গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার জানান, প্রতিমন্ত্রী ৬ থেকে ২৩ জুন পর্যন্ত ছুটিতে যাচ্ছেন।
রুহুল আমিন বুধবার জানান, অসুস্থতার কারণে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কয়েকদিন অফিস করতে পারেননি।
বুধবার সন্ধ্যায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যান। তবে তারা সাংবাদিকদের কিছু বলেননি।
গত রোববার থেকে তানজিম অফিসে অনুপস্থিত ছিলেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকেও তিনি যাননি। এরপর থেকেই তার পদত্যাগের গুঞ্জন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচসি/এমআই/১১৪৯ ঘ.
bdnews24