২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এসএমই'র উন্নয়নে মালয়েশিয়া, ভিয়েতনাম সহায়তা দিতে রাজি'

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে মালয়েশিয়া ও ভিয়েতনাম সহায়তা দিতে রাজি হয়েছে বলে এসএমই ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মমতাজ উদ্দিন আহমেদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে মালয়েশিয়া ও ভিয়েতনাম সহায়তা দিতে রাজি হয়েছে বলে এসএমই ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মমতাজ উদ্দিন আহমেদ জানিয়েছেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামে ছয়দিনের সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মমতাজ উদ্দিন বলেন, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মন্ত্রীদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। দেশ দু'টি এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে আগ্রহ দেখিয়েছে। সিঙ্গাপুর ও ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগানোর উপায় প্রসঙ্গে মমতাজ উদ্দিন বলেন, "মালয়েশিয়া তাদের শিল্পায়নে ব্যাপকভাবে প্রযুক্তি ব্যবহার করছে। তাদের এ অভিজ্ঞতা আমাদের কাজে লাগতে পারে।" এছাড়া উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো এবং আন্তঃমন্ত্রণালয় কর্মকাণ্ড সমন্বয়ের মাধ্যমে শিল্পায়নকে গতিশীল করা ব্যাপারেও মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে বলে তিনি মত দেন। ভিয়েতনাম এরই মধ্যে কৃষিতে প্রচুর উন্নতি করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, তারা এখন বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশ। দেশটির কফি ও চা উৎপাদনের পাশাপাশি রপ্তানিও বাড়ছে। এখন তারা শিল্পায়নের দিকে নজর দিচ্ছে। মমতাজ উদ্দিন বলেন, ভিয়েতনাম চামড়া ও হস্তশিল্পে ব্যাপক উন্নতি করেছে। তাদের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এসএমই'র উন্নয়ন করা সম্ভব। এদিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বিশ্বব্যাংকের অঙ্গ-প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে এসএমই ফাউন্ডেশন। আইএফসি বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা 'শিল্প-ক্লাস্টার' বা ক্ষুদ্র শিল্পপল্লীর সংখ্যা সম্পর্কে খোঁজ নিচ্ছে। মমতাজ উদ্দিন বলেন, ধোলাইখালসহ দেশের বিভিন্ন প্রান্তে অনেক 'শিল্প-ক্লাস্টার' রয়েছে। এর সংখ্যা জানার পর এসব শিল্পের উন্নতি করতে হবে। এছাড়া এসএমই ফাউন্ডেশন একটি পাইলট প্রকল্পের আওতায় শক্তি ফাউন্ডেশন ও মাইডাস ফিনান্সিং-এর মাধ্যমে উদ্যোক্তাদের মধ্যে ২ কোটি টাকা ঋণ বিতরণ শুরু করেছে। এর সূদের হার ৯ শতাংশ। এসএমই'র উন্নয়নে অর্থ প্রাপ্তিকে বড় ধরনের সমস্যা হিসেবে উল্লেখ করে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "আমরা ফাউন্ডেশন থেকেই 'ক্রেডিট হোলসেলিং' শুরু করতে চাই।" গত দু'বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে 'দুই সংখ্যা' হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানান মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, "১৯৯০ সালের পর থেকে বাংলাদেশে এসএমই প্রবৃদ্ধি বাড়তে থাকে। এসময় আট থেকে নয় শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়।" মমতাজ উদ্দিন বলেন, ১৯৯০ সাল পর্যন্ত খাদ্য ও বস্ত্র এসএমইর প্রধান উপখাত ছিল। কিন্তু পরে এর সঙ্গে যুক্ত হয় হাল্কা প্রকৌশল, প্লাস্টিক, ওষুধ, আসবাবপত্র ও সিমেন্টসহ বিভিন্ন উপখাত।এই সংখ্যা ক্রমশ বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিআর/এসকে/১৯৫৪ ঘ.