নওগাঁ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁ শহরের কুমাইপাড়া এলাকা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন (৫০) জেএমবি'র আঞ্চলিক কমান্ডার ছিলেন বলে জানিয়েছেন সিআইডির কর্মকর্তারা।
ওইদিনই তাকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ইসমাইল রানীনগর উপজেলার বেড়গাছা ইউনিয়নের সাবেক সদস্য এবং চামটা গ্রামের আসকান আলীর ছেলে।
সিআইডির উপ-পরিদর্শক আব্দুল হান্নান জানান, ২০০৪ সালের মার্চ-এপ্রিলে রানীনগরে বাংলা ভাইয়ের সর্বহারা বিরোধী অভিযানকালে ইসমাইল হোসেন জেএমবি'র আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালন করেন।
তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর এবং লাশ গুম করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২০ ঘ.
bdnews24