ব্রাহ্মণবাড়িয়া, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট সোমবার সকালে বন্ধ হয়ে গেছে।
ইউনিট দুটি হল- ৫৬ মেগাওয়াট ক্ষমতার গ্যাস টারবাইন-১ (জিটি-১) এবং ৩৪ মেগাওয়াটের স্টিম টারবাইন (এসটি)।
কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৯টার দিকে গ্যাস টারবাইন-১ ইউনিটের বয়লারে লিকেজ সৃষ্টি হওয়ায় এ ইউনিটটি বন্ধ হয়ে যায়। এ ইউনিটের সঙ্গে এসটি ইউনিটটির সংযোগ থাকায় এ ইউনিটটিও বন্ধ হয়ে যায়।
তিনি জানান, ইউনিট দুটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। কেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে বাকি ছয়টি চালু আছে বলেও তিনি জানান।
এছাড়া দুটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের জেলাগুলোতে বিদ্যুত সরবরাহ আরও বেশি সময় ধরে বন্ধ রাখতে হচ্ছে বলে প্রকৌশলী আবদুল খালেক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এফএফ/এমএসবি/১৮০৬ ঘ.
bdnews24