নরসিংদী, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া নামক স্থানে রোববার গভীর রাতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত হয়েছেন।
র্যাবের ভাষ্যমতে নিহত মঙ্গল ওরফে গুরু মঙ্গল (৩০) ডাকাত দলের সদস্য। তিনি শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন সরকারের ছেলে।
র্যাব সদস্য পুলিশের এসআই ( উপপরিদর্শক ) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাব-১১ এর একটি টহল দল গভীর রাতে ঘাসিরদিয়া নামক স্থানে পৌঁছালে ৭/৮ জনের একটি ডাকাতদল রাস্তায় গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে মঙ্গল মারা যান।
তিনি জানান, র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে শিবপুর থানায়।
এসআই জাহাঙ্গীর জানান, গোলাগুলিতে র্যাব সদস্য শামীমুল হক, মিলন কুমার ও তারিকুল ইসলাম আহত হন। তাদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৪ ঘ.
bdnews24