ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ শনিবার খুলনা, সাতক্ষীরা ও পটুয়াখালীতে আয়লায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
বিকেলে খুলনার পাইকগাছা উপজেলার মোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামে ত্রাণ বিতরণ শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, সেনাবাহিনী দুর্গতদের পাশে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: বিকেল ৪টা ১০ মিনিটে সেনাপ্রধান হেলিকপ্টারে করে পাইকগাছায় আসেন। তিনি উপজেলার মোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামে ক্ষতিগ্রস্ত ৩০০ লোকের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল মাথাপিছু ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিড়া, এক কেজি গুড় ২টি ম্যাচ ও মোমবাতি এবং ১০ লিটার পানি ভর্তি একটি জার।
ত্রাণসামগ্রী দেওয়ার পর সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, "যে কোন দুর্যোগে সেনাবাহিনীর সদস্যরা সব সময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। যত দিন পর্যন্ত দুর্যোগ না কাটবে ততদিন পর্যন্ত সেনাবাহিনী দুর্গত এলাকায় কাজ করে যাবে।"
সরকারের নির্দেশে সেনাবাহিনী ঘূর্ণিদুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
ধৈর্য্য এবং সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার জন্য সেনাপ্রধান দুর্গতদের প্রতি আহ্বান জানান।
ত্রাণ বিতরণকালে জেনারেল মইনের সঙ্গে আরও ছিলেন- যশোর ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুল হক, ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান, মেজর আনিসুর রহমান, পাইকগাছা ক্যাম্প কমান্ডার মেজর তারিক মোহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সবুর, মোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এ মাজেদ।
পটুয়াখালী: দুপুর দেড়টায় কলাপাড়া উপজেলার নাচনা পাড়ায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ।
পরে কলাপাড়া আনসার ক্যাম্প'র সামনে দুশ' লোকের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। এরপর তিনি সেনাবাহিনী পরিচালিত চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন।
তার সঙ্গে ছিলেন কয়েকজন সেনা কর্মকর্তা, জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট।
সাতক্ষীরা: দুপুরে সেনাপ্রধান উপজেলার শ্যামনগর উপজেলার পাখিমারা, পদ্মপুকুর, গাবুরাসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের ব্যাপারে খোঁজখবর নেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, সরকার যে কোন মূল্যে উপকূলীয় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24