ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর যাত্রাবাড়ির 'আদি বনফুল সুইটস অ্যান্ড বেকারি লিমিটেড'র মালিক মো. সালাহউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের 'মেসার্স বনফুল অ্যান্ড কোম্পানির ট্রেডমার্ক নকলের অভিযোগে বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত জেলা জজ ও দেউলিয়া আদালতের বিচারক জেসমিন আরা বেগম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সালাহউদ্দিন দুপুরে আদালতে হাজির হয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। তবে বিচারক তা নাকচ করে দেন।
গত ২৫ জানুয়ারি এ আদালতের আগের বিচারক গোলাম মুরশেদ দেওয়ানি মামলায় সালাহউদ্দিনের তিন দিনের কারাদণ্ডের আদেশ দেন।
মামলার বিবরণে বলা হয়, চট্টগ্রামের মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেসার্স বনফুল অ্যান্ড কোম্পানির মালিক মো. মোতালেব বাদী হয়ে তার প্রতিষ্ঠানের ট্রেডমার্ক নকলের অভিযোগে যাত্রাবাড়ির ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকার জেলা জজ আদালতে ১৯৪০ সালের ট্রেডমার্ক আইনে মামলা করেন।
২০০৪ সালের ৮ জানুয়ারি আদালত সালাহউদ্দিনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রামের প্রতিষ্ঠানটির ট্রেডমার্ক ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু নির্দেশ অমান্য করে বিবাদী বাদীর ট্রেডমার্কটি ব্যবহার করতে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/ডিডি/টিআর/০০৫৮ ঘ.
bdnews24