২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় ৪১ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মাগুরায় একটি, চাঁপাইনবাবগঞ্জে দু'টি, যশোরে ছয়টি এবং গাজীপুরে একটি মামলা হয়েছে। এসব মামলায় ৪১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন- মাগুরায় ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন, যশোরে ১৮ জন এবং গাজীপুরে ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মাগুরায় একটি, চাঁপাইনবাবগঞ্জে দু'টি, যশোরে ছয়টি এবং গাজীপুরে একটি মামলা হয়েছে। এসব মামলায় ৪১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন- মাগুরায় ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন, যশোরে ১৮ জন এবং গাজীপুরে ছয়জন। রোববার সংশ্লিষ্ট জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতে এ ১০টি মামলা হয়। আদালত মামলাগুলো আমলে নিয়ে থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- মাগুরা: হত্যার অভিযোগে মুখ্য বিচার বিভাগীয় হাকিম শেখ জালাল উদ্দিনের আদালতে ১৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মাগুরা শহরের মোল্লা পাড়ার শহীদ মুক্তিযোদ্ধা কবির হোসেনের ভাই শরিফুল ইসলাম নান্নু শেখ। হাকিম মামলাটি নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাদীর আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমান। মামলার আসামিরা হলেন- সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম আউয়াল, শহরের তাঁতিপাড়ার মাওলানা মাহবুবুর রহমান, ইসলামপুর পাড়ার কবির হোসেন, দোয়ারপাড়ার হাফিজ খান, কলেজ পাড়ার খোকন চৌধুরী, বাজার পাড়ার খালেদুর রহমান, সদর উপজেলার পারনান্দুয়ালি গ্রামের নজরুল ইসলাম, আতিয়ার রহমান, নিজ নান্দুয়ালি গ্রামের রশীদ মোল্লা, শ্রীরামপুরের মশিউল আলম হাসনু, মির্জাপুরের খন্দকার আবু ফতেহ, বেরোইলের বক্কার মোল্লা ও শালিখা উপজেলার শান্তনু গ্রামের আব্দুর রশীদ। শরিফুল ইসলাম অভিযোগ করেন, ১৯৭১ সালের ১৯ জুলাই বিকেলে তার মামাতো ভাই কবির হোসেনকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে আসামিরা। চাঁপাইনবাবগঞ্জ: দুই মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে চার 'রাজাকারের' বিরুদ্ধে বিচার বিভাগীয় হাকিম মো. মাঈনুদ্দিনের আদালতে মামলা দু'টি দায়ের করেন গোমস্তাপুর উপজেলার জাহিদনগর গ্রামের মো. মোবারক হোসেন এবং তার চাচাতো ভাই মো. আব্দুল খালেক। আসামিরা হলেন- গোমস্তাপুর উপজেলার রহনপুর পুরাতন বাজারের জিয়াউর রহমান ওরফে ধুলু, বোগলা গ্রামের মো. হারুন, নিমতলা কাঁঠাল গ্রামের মো. আব্দুল খালেক ও মাইনুল হক। মামলায় তাদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়। মোবারক হোসেনের মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালে ১৯ এপ্রিল রাত ৮টার দিকে আসামি আব্দুল খালেক ও মাইনুল হক শান্তি কমিটির সদস্য (মৃত) আলতাফ হোসেন, ডা. দেরাজ উদ্দিন, মফিজ মণ্ডল, শামসুদ্দিন মিয়া, সোলেমান মিয়া ও আলতুস মিয়ার সহযোগিতায় মুক্তিযোদ্ধা আস্তার রহমানকে ধরে নিয়ে নির্যাতন এবং হত্যা করে। আব্দুল খালেকের মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালের ১৬ জুন বিকেল ৫টার দিকে তার বাবা জিল্লার রহমানকে আসামিরা রহনপুর রেলষ্টেশন থেকে স্থানীয় এবি উচ্চ বিদ্যালয়ে পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে ধরে নিয়ে যায়। পরে আসামি মো. জিয়াউর রহমান ওরফে ধুলু ও মো. হারুন পাকিস্তানি বাহিনীর সহায়তায় নির্যাতনের পর তাকে গুলি করে হত্যা করে এবং লাশ গুম করে ফেলে। যশোর: ছয় মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ১৮ 'রাজাকারের' বিরুদ্ধে বিচার বিভাগীয় হাকিম আব্দুল্লাহ আল মামুনের আদালতে পৃথক ছয়টি মামলা করেন কেশবপুর উপজেলার সরুটিয়া গ্রামের আব্দুল মান্নান সরদার, হামিদা খাতুন, আলাউদ্দিন মোল্লা, নীলিমা খাতুন, শাহিদা বেগম ও আব্দুল জলিল। আসামিরা হলেন- উপজেলার আগরহাটী গ্রামের আব্দুল বারী ওয়াদুদ, মজিদ শেখ, শাহাদৎ মোল্লা, আব্দুল বারিক গোলদার, আব্দুল লতিফ গোলদার, ভরত ভায়না গ্রামের হাশেম ফকির, আনছার ফকির, ওয়াজেদ আলী সরদার, কেসমত ফকির, মকছেদ আলী সরদার, আনছার মোল্লা, এজহার গাজী, খোকন শেখ ওরফে সিরাজুল ইসলাম, আনসার মোল্লা দর্জি, আব্দুল মালেক, আব্দুল সরদার, শামসের শেখ এবং পশ্চিম সরুটিয়া কলাগাছি গ্রামের আব্দুস সামাদ সরদার। বাদী আব্দুল মান্নান সরদার অভিযোগ করেন, ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর মাঠ থেকে বাড়ির ফেরার পথে সুফলাকঠি তরাফ খাঁর বাড়ির সামনে পৌছলে আসামিরা তার ভাই জাহান আলী সরদারকে ধরে নিয়ে যায় এবং গুলি করে হত্যা করে। হামিদা খাতুন অভিযোগ করেন, ১৯৭১ সালের ৩০ নভেম্বর সকাল ৯টার দিকে 'রাজাকার'রা তাদের বাড়ি থেকে তার বাবা কাবিল সরদারকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তারা নগদ ৫০ হাজার টাকাসহ তার স্ত্রীর স্বর্ণলংকার ছিনিয়ে নেয় এবং তাকে লাঞ্ছিত করে। দুপুর ১টার দিকে কাবিল সরদারকে গৌরিঘনা ইউনিয়ন পরিষদের পাশে গুলি করে হত্যা করে। আলাউদ্দিন মোল্লার অভিযোগ, ১৯৭১ সালের ৩০ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে 'রাজাকার'রা বাদীর বাবা রমজান আলীকে ধরে নিয়ে যায়। এরপর গৌরিঘনা ইউনিয়ন পরিষদের পাশে নিয়ে গুলি করে হত্যা করে। একইভাবে আসামিরা ওইদিন হাবিল সরদার, জব্বার সরদার ও ওয়াজেদ আলী সরদারকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গৌরিঘনা ইউনিয়ন পরিষদের পাশে গুলি করে হত্যা করে। এ তিনটি ঘটনায় হাবিল সরদারের মেয়ে নীলিমা খাতুন, জব্বার সরদারের মেয়ে শাহিদা বেগম এবং ওয়াজেদ আলী সরদারের ছেলে আব্দুল জলিল পৃথক তিনটি মামলা করেন। গাজীপুর: ধর্ষণ, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে বিচার বিভাগীয় হাকিম তারিক ইজাজের আদালতে মামলাটি করেন শ্রীপুর উপজেলার লোহাগাছ গ্রামের মরিয়ম বেগম। আসামিরা হলেন- লোহাগাছ গ্রামের আছরউদ্দিন ভূঞা, আব্দুর রশিদ, মো. আবুল হোসেন, আবুল কাশেম, জসিম উদ্দিন ওরফে ইউসুফ ও মো. কাশেম। মামলার এজাহারে বলা হয়, বাদীর স্বামী মো. সাহাব উদ্দিন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এ কারণে স্থানীয় শান্তি কমিটির চেয়ারম্যান আছরউদ্দিন অপর আসামি ও পাকিস্তানি বাহিনীর ১০০/১৫০ সদস্যকে নিয়ে ১৫ অক্টোবর তাদের বাড়ি গিয়ে তার দুই ননদকে ধর্ষণ করে, দুই দেবরকে ক্যাম্পে নিয়ে নির্যাতন করে এবং বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। নির্যাতনের ফলে স্বাধীনতাযুদ্ধ শেষ হওয়ার পরপরই অসুস্থ অবস্থায় এক দেবর ও এক ননদ মারা যান। বাদী ওইদিন পালিয়ে রক্ষা পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৬ ঘ.