ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হলে দেশে একদলীয় বাকশাল কায়েম হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার বিকেলে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মোশাররফ বলেন, ''একদলীয় বাকশালী পদ্ধতি থেকে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ওই সময়ে বিধিবিধান সংশোধন করে পঞ্চম সংশোধনী সংবিধানে সংযোজন করা হয়।
"এটা এখন অবৈধ ঘোষণা বা বাতিল করা হলে বাকশালী পদ্ধতিরই পুনঃপ্রবর্তন হবে। দেশ এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। সৃষ্টি হবে নৈরাজ্য ও বিশৃঙ্খলা।''
সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হলেও 'বিসমিল্লাহ' বাদ যাবে না-আইনমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেন।
বিকেলে মোশাররফের নেতৃত্বে সদ্য কারামুক্ত খাগড়াছড়ির সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভূঁইয়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় বরকত উল্লাহ বুলু,ু ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুসহ খাগড়াছড়ির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সেনানিবাসের বাড়ি ছাড়তে খালেদা জিয়াকে পাঠানো দ্বিতীয় নোটিশকে 'অবৈধ' আখ্যায়িত করে মোশাররফ বলেন, যেখানে প্রথম নোটিশটি সর্বোচ্চ আদালতে রয়েছে। রোববার শুনানির দিন। এটর্নি জেনারেল এই সময়ের মধ্যে কোনো হয়রানি হবে না বলে আদালতের কাছে অঙ্গীকারও করেছেন। এ অবস্থায় দ্বিতীয় নোটিশটি অবৈধই নয়, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
অপর এক প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, বিএনপি আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় বিষয়টি নিয়ে লড়াই করছে। আইনজীবীরা এ বিষয়ে কাজ করছেন। জিয়ার স্মৃতি বিজড়িত এই বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করার বিষয়টি দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০৭ ঘ.
bdnews24