২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে আবারো জাহাজডুবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আরো একটি লাইটার জাহাজ ডুবে গেছে। পণ্য খালাসের সময় অপর একটি বড় জাহাজের ধাক্কায় বৃহস্পতিবার সকালে ৯শ টন সিমেন্ট ক্লিঙ্কার বোঝাই লাইটার জাহাজটি ডুবে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 07:26 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

চট্টগ্রাম, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আরো একটি লাইটার জাহাজ ডুবে গেছে। পণ্য খালাসের সময় অপর একটি বড় জাহাজের ধাক্কায় বৃহস্পতিবার সকালে ৯শ টন সিমেন্ট ক্লিঙ্কার বোঝাই লাইটার জাহাজটি ডুবে যায়। তবে বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। বন্দরের রেডিও কন্ট্রোল জানায়, হন্ডুরাসের পতাকাবাহী একটি বড় জাহাজ মরিস থেকে টিটু-৯ নামের এই ছোট জাহাজটি সিমেন্ট ক্লিঙ্কার খালাস করছিল। মালামাল খালাসের শেষ পর্যায়ে সকাল সাড়ে আটটার দিকে অপর একটি বড় জাহাজ মেট্রো গ্লোরোবিস-২ টিটু-৯ কে ধাক্কা দিলে তা ১০-১৫ মিনিটের মধেই ডুবে যায়। তবে জাহাজের ১৩ নাবিক সাঁতরে অপর একটি জাহাজে উঠতে সক্ষম হয়েছেন। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাহাজডুবির স্থানটি তাৎক্ষণিকভাবে বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে। অন্যান্য জাহাজকে এ জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। জাহাজটি উদ্ধারে এর মালিককে চিঠি দেওয়া হচ্ছে।" ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। বন্দরের সদস্য (মেরিন অ্যান্ড হারবার) আরিফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাহাজডুবির কারণে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হবেনা।" এর আগে গত ২১ এপ্রিল চট্টগ্রাম বন্দর চ্যানেলে কর্ণফুলীর মোহনায় ক্লিংকারবাহী সেভেন সার্কেল-২৫ নামে একটি লাইটার জাহাজ ডুবে যাওয়ায় তিনদিন জাহাজ চলাচল বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফএফ/এইচএ/১৩৩০ ঘ.