২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জন নিহত

বাগেরহাটে মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 06:08 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

বাগেরহাট, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। সকালে বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার বাঁধালের রেইনবো মৎস্য হ্যাচারীর সামনে বিপরীত থেকে আসা দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল হক তালুকদার (৬৫) ঘটনাস্থলে এবং তার মোটর সাইকেলের চালক মনির খান (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আব্দুল হকের বাড়ি ইউনিয়নের বোলপুর গ্রামে। মনির খান একই ইউনিয়নের গাজিতপুর গ্রামের জলিল খানের ছেলে। কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার বাঁধালের রেইনবো হ্যাচারীর সামনে বাগেরহাটগামী একটি মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের মূখোমুখি সংঘর্ষ হয়। এসআই শাজাহান বলেন, "এতে বাগেরহাটগামী মোটর সাইকেলের আরোহী ইউপি সদস্য আব্দুল হক তালুকদার ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় মোটর সাইকেলটির চালক মনির খান গুরুতর আহত হন এবং বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমইউএস/১২১২ ঘ.