ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীর দনিয়া থেকে বুধবার সন্ধ্যায় প্রায় ২২০০ কেজি গান পাউডার উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুস সোবহান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, যাত্রাবাড়ি থানা পুলিশ বুধবার সন্ধ্যায় দনিয়ার রসূলপুরের একটি বাড়ি থেকে সোবহান নামের ওই ব্যক্তিকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ৮টি চটের ও ৩৬টি প্লাস্টিকের বস্তায় থাকা এই গান পাউডারগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) তপন দাস বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তার সোবহান জানিয়েছে, সে মশা নিবারক কয়েল তৈরির কারখানায় এগুলো বিক্রি করে থাকে।"
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানিয়েছেন, বস্তাগুলোর গায়ে ভারতের আসামে সিল ও লোগো রয়েছে। এগুলোর মালিক আব্দুস সোবহান হলেও আমদানির কোনো বৈধ কাগজ সে দেখাতে পারেনি।
সোবহানের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার দামুড়া গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/এএল
bdnews24