মৌলভীবাজার, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামে শনিবার ভোরে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের বাড়িতে ডাকাতি হয়েছে।
সালাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
তিনি দাবি করেন, ডাকাতরা ৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ২২ হাজার টাকা, ৫টি দামি মোবাইল সেটসহ আট লাখ টাকার মাল নিয়ে গেছে।
সালাম জানান, রাত ২টা থেকে ৩টার মধ্যে ১৫/২০ জনের সশস্ত্র ডাকাতদল পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেধে ফেলে। তারা অস্ত্রের মুখে চাবি নিয়ে আলমারী থেকে স্বর্ণালংকার, টাকা বের করে নেয়।
ডাকাতরা চলে যাওয়ার পর বাড়ির লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় যায়। এলাকার বিভিন্ন স্থানে তাৎক্ষণিকভাবে তল্লাশি চালানো হলেও ডাকাতদের কাউকে আটক করা যায়নি।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৭ ঘ.
bdnews24