২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি শক্তিশালী হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না: সাখাওয়াত

নির্বাচন কমিশন (ইসি) শক্তিশালী হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 09:40 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

বাগেরহাট, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশন (ইসি) শক্তিশালী হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে শিগগির সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে ইসি।" মঙ্গলবার সকালে বাগেরহাটে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। চারটি সিটি করপোরেশন নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ও স্থগিত পাঁচটি উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "ক্ষমতাসীন রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব।" সাখাওয়াত জানান, আগামী আগস্ট মাসের পর দেশের সব ইউনিয়ন পরিষদ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। বিধি অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার কথা থাকলেও জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বর্ষাকাল থাকায় তা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, "ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন এ বছর অক্টোবর থেকে ২০১০ এর ফেব্র"য়ারির মধ্যে সম্পন্ন করার চেষ্টা করব। তবে এ সংক্রান্ত অধ্যাদেশের সংশোধনীর উপরও এ সব নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি নির্ভর করছে।" নির্বাচন কমিশন বর্তমানে সারাদেশকে নয়টি অঞ্চলে ভাগ করে হালনাগাদ তথ্য সংগ্রহ এবং সার্ভার স্টেশন স্থাপনের কাজ শুরু করেছে। ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় দুইশ দশ কোটি টাকা ব্যয়ে জেলা সদর, উপজেলা ও থানা পর্যায়ে ৫০২টি সার্ভার স্টেশন স্থাপন করবে। জেলা সদরে এর অবকাঠামো নির্মাণ করবে গণপূর্ত বিভাগ এবং ইউনিয়ন ও থানা পর্যায়ে করবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। সার্ভার স্টেশন স্থাপন বিষয়ক পর্যালোচনা সভায় অংশ নিতে তিনি ফরিদপুর, খুলনা ও মাগুরাসহ বিভিন্ন এলাকা পরিদর্শনে রয়েছেন। নির্বাচন কমিশনার জানান, ২০১১ সাল নাগাদ দুই বছর মেয়াদী এ প্রকল্পের কাজ শেষ হলে নির্বাচন কমিশন আরও শক্তিশালী ও সুসংহতভাবে কাজ করতে পারবে। বাগেরহাটের জেলা প্রশাসক অপরূপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খুলনার উপ-নির্বাচন কমিশনার মো. মহসীন আলী, বাগেরহাটের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান, বাগেরহাট এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো. শমশের আলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সরোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, আগামী মে থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। সভা শেষে সার্ভার স্টেশন নির্মাণের জন্য বাগেরহাট শহরের নাগের বাজার পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন একটি সরকারি খাস জমি এবং বাগেরহাট পুরাতন কারাগার পরিদর্শন করে তিনি খুলনার পথে বাগেরহাট ত্যাগ করেন। খুলনা প্রতিনিধি জানান, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে খুলনার বিভিন্ন স্তরের নির্বাচন কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে উপজেলায় সাংসদদের ক্ষমতা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকার চাইলে উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যদের কর্তৃত্ব নিয়ে সৃষ্ট সমস্যা নিরসনে মধ্যস্থতা করতে পারে কমিশন।" উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যদের কর্তৃত্ব নিয়ে সৃষ্ট সমস্যা যেন সাংঘর্ষিক পর্যায়ে না যায় উভয় পক্ষের সেটা খেয়াল রাখা উচিত বলে মনে করেন নির্বাচন কমিশনার। এর আগে দুপুর ১২টায় সাখাওয়াত হোসেন রূপসা উপজেলায় সার্ভার স্টেশন স্থাপনের জায়গা পরিদর্শন করেন। খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. রেজাউল করিম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২১৪১ ঘ.