ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোলা বাজারে বিক্রি (ওএমএস) চালের মূল্য প্রতি কেজিতে দুই টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ মূল্য কার্যকর থাকবে।
রোববার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) কমিটির এক সভা শেষে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, "খোলা বাজারে সাধারণ ওএমএস-এর পাশাপাশি এ মূল্য গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস-এও কার্যকর হবে। এক্ষেত্রে প্রতি কেজি চালের জন্য সরকারকে প্রায় সাড়ে ১৩ টাকা থেকে সাড়ে ১৪ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হবে।"
খাদ্যমন্ত্রী জানান, বিক্রেতাদের জন্য এক টাকা ৫০ পয়সা কমিশনসহ মোট ১৮ টাকা কেজি দরে ওএমএস-এ চাল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বিজিএমইএ'র পক্ষ থেকে শ্রমিকদের জন্য সাড়ে ১৩ টাকা দরে চাল বিক্রির প্রস্তাব করা হয়, কমিশনসহ যা হবে ১৫ টাকা। সরকার সাড়ে ১৩ টাকার স্থলে মূল্য সাড়ে ১৪ টাকা করেছে, কমিশনসহ যা দাঁড়াবে ১৬ টাকা। এর কম করা সম্ভব না।
এ প্রসঙ্গে তিনি আরো জানান, গার্মেন্টস শ্রমিকরা এ মূল্য মেনে নিলে তাদের জন্য বিশেষ ওএমএস চালু করা হবে। অন্যথায় সরকারের বিকল্প কোনো করণীয় থাকবে না।
আব্দুর রাজ্জাক বলেন, "সরকার চালসহ খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে খাদ্য নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভিজিএফ, ভিজিডিসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কারণে বর্তমানে বাজারে চালসহ খাদ্যশস্যের দাম অনেক কমেছে। ফলে ওএমএস কর্মসূচিতে চালের তেমন চাহিদা নেই।"
একই কারণে গার্মেন্টস শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে নেওয়া বিশেষ ওএমএস কর্মসূচি শুরু করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
চালের মূল্য আরো কমানো সম্ভব কিনা, জানতে চাইলে মন্ত্রী বলেন, "চালের মূল্য আরো কমানো সম্ভব। তবে মূল্য আর কমানো উচিৎ হবে না। কারণ এতে আগামী মৌসুমে কৃষকরা উৎপাদনের আগ্রহ হারিয়ে ফেলবে। ফলে আমাদের আগামীতে আবারো অন্যের কাছে হাত পাততে হবে। এটা কখনোই কাঙ্ক্ষিত হবে না।"
বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহে সরকারের উদ্যোগ প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, "সরকার অনেক ধান ও চাল কিনবে। এর পরিমাণ ছয় থেকে সাত লাখ টন হতে পারে। তবে এখনো এর পরিমাণ ও মূল্য নির্ধারণ করা হয়নি। আগামী ১ মে থেকে সরকারিভাবে ধান ও চাল কেনা শুরু হবে। এ কারণে পরিমাণ ও মূল্য নির্ধারণ হবে এ মাসের তৃতীয় সপ্তাহে, আগামী ২৩ অথবা ২৪ এপ্রিল।"
সরকার, কৃষক ও ভোক্তাদের স্বার্থ বিবেচনায় রেখেই এ মূল্য নির্ধারণ করা হবে বলেও মন্ত্রী জানান।
কমিটির সভাপতি খাদ্য মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক, পরিকল্পনা সচিব হাবিবুল্লাহ মজুমদার, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক রুহুল আমিনও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এজে/জিএনএ/১৪৫৪ ঘ.
bdnews24