২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবেদনে স্বাক্ষরের জন্য গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ ঘেরাও

গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা শনিবার বর্ধিত ফি প্রত্যাহারের স্মারকলিপিতে কলেজ অধ্যক্ষের স্বাক্ষর আদায়ের জন্য তাকে অবরোধ করে রাখে। এক ঘন্টার কিছু বেশি অবরোধের পর স্বাক্ষর নিয়ে অধ্যক্ষকে ছাড়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা শনিবার বর্ধিত ফি প্রত্যাহারের স্মারকলিপিতে কলেজ অধ্যক্ষের স্বাক্ষর আদায়ের জন্য তাকে অবরোধ করে রাখে। এক ঘন্টার কিছু বেশি অবরোধের পর স্বাক্ষর নিয়ে অধ্যক্ষকে ছাড়া হয়। শিক্ষার্থীরা শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে পৌনে সাতটা পর্যন্ত অধ্যক্ষ অধ্যাপক আঞ্জুমান আরা বানুসহ কয়েকজন শিক্ষককে আটকে রাখে। এরপর স্মারকলিপিতে অধ্যক্ষের স্বাক্ষর আদায় করে শিক্ষার্থীরা তাদের পৌনে সাতটায় ছাড়ে। এ স্মারকলিপিটি তারা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবে বলে জানিয়েছে। খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের আন্দোলনরত কয়েকজন নামপ্রকাশে অনিচ্ছুক ছাত্রী অভিযোগ করেন, অধ্যক্ষ এতে স্বাক্ষর করার ব্যাপারে কয়েকদিন ধরে অনীহা প্রকাশ করে আসছিলেন। শিক্ষার্থীরা জানায়, অধ্যক্ষ নিজেই বর্ধিত ফি প্রত্যাহারের জন্য শিক্ষার্থীদের প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে বলেন। এরপর স্বাক্ষরের সময় তিনি 'টাল বাহানা' শুরু করেন বলে অভিযোগ করে তারা। অধ্যক্ষ অধ্যাপক আঞ্জুমান আরা বানুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। গত কয়েকদিন ধরে বর্ধিত ফি কমানো ও কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউটে পরিণত করাসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২২১৪ঘ.