রাজশাহী, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে গ্রাম পুলিশের সমাবেশ থেকে সরকারের প্রতি পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
নগরীর মিয়াপাড়াস্থ সাধারণ গ্রন্থাগার মাঠে বুধবার বিকেলে আয়োজিত সমাবেশে গ্রাম পুলিশের কেন্দ্রীয় নেতারা সরকারের প্রতি অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
পাঁচ দফা দাবি হলো গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণীর কর্মচারির মর্যাদা দেয়া, অবসরকালীন ভাতা প্রদান, কল্যাণ তহবিল গঠন, প্রশিক্ষণের ব্যবস্থা এবং গ্রাম পুলিশ বিধিমালা সংশোধন করে তা হালনাগাদ করা।
রাজশাহী জেলা গ্রাম পুলিশের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি এমএ নাসের, মহাসচিব এমএ আলিম, যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কফিলউদ্দিন প্রমুখ।
কেন্দ্রীয় নেতারা বলেন, গ্রাম পুলিশ সদস্যরা স্থানীয় সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। দেশের অন্যান্য আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও গ্রাম পুলিশের জন্য কোন পদক্ষেপ নেয়া হয়নি।
সারাদেশে ৪২ হাজার ৮৭০ গ্রাম পুলিশের কল্যাণে অতীতে কোন সরকারই কোন পদক্ষেপ নেয়নি। ফলে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বলে তারা অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২৩৫০ ঘ.
bdnews24