২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সুলতান মেলা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে মঙ্গলবার সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 06:39 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

নড়াইল, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে মঙ্গলবার সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। শিল্পীর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে 'এস এম সুলতান মেলা উদযাপন পর্ষদ' এ মেলার আয়োজন করে। বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও মেলা উপযাপন পর্ষদ সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপারিনটেনডেন্ট মো. কামরুল আহসান, উপযাপন পর্ষদ সদস্য সচিব মুন্সী হাফিজুর রহমান, পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রমুখ। মাটি ও মানুষের শিল্পী সুলতান সুস্থ-সবল মানুষের স্বপ্ন দেখতেন উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা তার স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান। মেলার মাঠে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা নানা ধরনের দোকান নিয়ে এসছেন। উদ্বোধনী দিনের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল চিত্র প্রদর্শনী, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদযাপন পর্ষদের সদস্য এনামুল কবীর টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিল্পী আবুল বারক আলভী এ বছর সুলতান পদকের জন্য মনোনীত হয়েছেন। এস এম সুলতানের পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেন এ শিল্পী। ছেলেবেলায় বাবা-মা তাকে ডাকতেন লাল মিয়া বলে। আর্থিক অনটনের মধ্যে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু। কিন্তু পাঁচ বছর না কাটতেই বাড়ি ফিরে রাজমিস্ত্রির কাজ শুরু করেন সুলতান। এ কাজেই দালানের গায়ে ছবি আঁকতে আঁকতে নিজের ভেতরে এক শিল্পীর সঙ্গে পরিচয় হয় তার। স্থানীয় জমিদার ধীরেন্দ্রনাথ রায়ের সহযোগিতায় ১৯৩৮ সালে কলকাতা যান এস এম সুলতান। ১৯৪১ সালে ভর্তি হন কলকাতা আর্ট স্কুলে। তিন বছর পর সেখানেও ইতি। ১৯৪৩ সালে খাকসার আন্দোলনে যোগ দেওয়ার পর ঘুরে বেড়ান উপমহাদেশের বিভিন্ন স্থানে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে সুলতান ছবি এঁকে বিক্রি করতেন ব্রিটিশ আর মার্কিন সৈন্যদের কাছে। এভাবেই শিল্পী হিসেবে কিছুটা পরিচিতি আসে। সুলতানের আঁকা ছবির প্রথম প্রদর্শনী হয় ১৯৪৬ সালে ভারতের সিমলায়। ১৯৪৭ এ দেশ বিভাগের পর তখনকার পূর্ব পাকিস্তানে ফেরেন এই শিল্পী। কিছুদিন দেশে থেকে চলে যান পশ্চিম পাকিস্তানে। সেখান থেকে যুক্তরাষ্ট্র। তার ছবির বেশ কয়েকটি প্রদর্শনী হয় সেখানে। ১৯৫৩ সালে জন্মস্থান নড়াইলে ফেরার পর থেকে জীবনের বেশিরভাগ সময় এখানেই কাটান এ শিল্পী। প্রতিষ্ঠা করেন 'শিশুস্বর্গ' ও 'চারুপীঠ' নামে দুটি প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে ঢাকায় শিল্পকলা একাডেমীতে প্রদর্শনীর মাধ্যমে দেশের শিল্পীসমাজে প্রতিষ্ঠা মেলে। আশির দশকের শেষ দিকে সুলতানের স্বাস্থ্য খারাপ হতে থাকে। ১৯৯৪ সালে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় এ যশস্বী শিল্পীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৯ ঘ.