২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে 'অভিশাপমুক্ত' হতে চায়: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে 'অভিশাপমুক্ত' হতে চায়। জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে মুহিত এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 05:46 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে 'অভিশাপমুক্ত' হতে চায়। জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে মুহিত এ কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রস্তাব নেওয়া হয়েছে। আমরা তাদের বিচার করে অভিশাপমুক্ত হতে চাই।" তিনি বলেন, "আগামীতে বাংলাদেশ হবে 'কম্পিউটারাউজড বাংলাদেশ'। এরপর, ই-কমার্স চালু হবে। ২০২১ সালে আমি হয়তো থাকবো না। কিন্তু, ডিজিটাল বাংলাদেশ হবেই।" বক্তব্যের এক পর্যায়ে অর্থমন্ত্রী বলেন, অষ্টম জাতীয় সংসদে তৎকালীন বিরোধীদলীয় নেত্রীর মাইক ৭৩ বার বন্ধ করে দেওয়া হয়েছিল। জ্বালানি প্রসঙ্গে বলতে গিয়ে অর্থমন্ত্রী দাবি করেন, উন্মুক্ত পদ্ধতিতে (ওপেন পিট) কয়লা উত্তোলন করা না হলে খনিতে থাকা কয়লার মাত্র ১০ ভাগ ব্যবহার করা সম্ভব। তিনি আরো বলেন, "আমরা কিভাবে কয়লা উত্তোলন করবো তা নিয়ে বিশেষজ্ঞদের নিয়ে ওই এলাকার লোকজনদের সঙ্গে কথা বলতে হবে। আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, "আগামীতে মিলিয়ন মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হবে। আর কোনো সমস্যাই থাকবে না।" ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে বিএনপি'র সাংসদ এম কে আনোয়ার ৩০ মিনিট বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, "বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে যথাযথ নিরাপত্তা দেওয়া হচ্ছে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ছাত্রলীগ এখন লাগামহীন পাগলা ঘোড়া।" ন্যশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) আমেনা আহমেদ বলেন, "জিয়াউর রহমান পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিলেন সে দেশের চর হিসাবে। বেকায়দায় পড়ে যুদ্ধে অংশ নেন। আরো অনেক সত্য কথা বলার ছিল। তবে প্রস্তুতির অভাবে সত্য উদঘাটন করতে পারলাম না।" অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি'র সাংসদ মাহবুবউদ্দিন খোকন ও সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সাংসদ মমতাজ বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/এএল/এসকে/২৩২৫ঘ.